২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাজেটে সরকার শিশুদের দাবির প্রতি গুরুত্ব দেয়নি’

শিশুদের জন্য প্রতীকী সংসদের প্রতিনিধি শিশু সাংসদরা রোববার ২০০৫-০৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিশুদের জন্য কম বরাদ্দ দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

রোববার জাতীয় প্রেসক্লাবে চাইল্ড পার্লামেন্ট বাংলাদেশের এক সংবাদ সম্মেলনে বলা হয়, এর আগে অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের কাছে জমা দেওয়া শিশু সাংসদদের সুপারিশমালার প্রতি সরকার তেমন গুরুত্ব দেয় নি।

সেভ দ্য চিলড্রেন’র শিশু অধিকার বিষয়ক এই সংগঠন চিলড্রেন শিশু প্রতিনিধিদের মত প্রকাশের স্বার্থে এই সম্মেলনের আয়োজন করে।

গত বছর চাইল্ড পার্লামেন্ট’র একই ধরণের অধিবেশনে সাইফুর রহমান শিশু অধিকারের ওপর সুপারিশমালা প্রস্তুত করে তা সংসদের বাজেট অধিবেশনের আগে সরকারের কাছে পাঠানোর জন্য শিশু সাংসদদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তিনি সুপারিশমালা বাস্তবায়নেরও প্রতিশ্রুতি দেন।

অর্থমন্ত্রীর নির্দেশের পর চাইল্ড পার্লামেন্ট ‘চাইল্ড পার্লামেন্ট ডিসকাশন-২০০৫, শিক্ষা ও স্বাস্থ্য খাতে শিশুদের জন্য বিনিয়োগ’ শীর্ষক সুপারিশমালা তৈরি করতে ঢাকার বিয়াম মিলনায়তনে এক অধিবেশনের আয়োজন করে। অধিবেশনে সরকারের স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রী আব্দুল মান্নান ভুঁইয়া উপস্থিত ছিলেন।

সুপারিশমালায় শিশুরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার সুবিধার প্রবর্তন, এসএসসি পর্যন্ত শিশুদের বিনামূল্যে বই সরবরাহ, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ উন্নয়ন, একটি সুস্বাস্থ্যের অধিকারী শিশু সম্প্রদায় গঠনে বাজেটে আরও বেশি বরাদ্দের সুপারিশ করে।

কিন্তু প্রস্তাবিত বাজেটে তাদের সুপারিশমালার প্রতিফলন ঘটেনি বলে তারা অভিযোগ করেছে।