২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রমবর্ধমান লঞ্চ দুর্ঘটনার প্রেক্ষিতে উচ্চ ক্ষমতাসম্পন্ন দুটি উদ্ধার জাহাজ সংগ্রহের উদ্যোগ

দেশে ক্রমবর্ধমান লঞ্চ দুর্ঘটনার প্রেক্ষিতে উচ্চ ক্ষমতাসম্পন্ন দুটি উদ্ধার জাহাজ সংগ্রহ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্যে ব্যয় হবে প্রায় ১৪২ কোটি ৬৮ লাখ টাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2005, 07:58 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

নৌ পরিবহন মন্ত্রী লে.কর্নেল (অব.) আকবর হোসেন রোববার সংসদে জামায়াতে ইসলামীর মিয়া গোলাম পরওয়ারের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মো. সোহরাব উদ্দিনের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চলতি অর্থবছরে সংরক্ষণ খনন এবং উন্নয়ন খননের আওতায় পদ্মা, মেঘনা, যমুনা, হুরাসাগর, কীর্তণখোলা, স্বরূপকাঠি, ইছামতি, তালতলা খাল, তিতাস, তুরাগ, গাবখান খাল এবং কুশিয়ারা নদী খনন করা হয়েছে। এ জন্যে মোট ২৫ কোটি ৪০ লাখ টাকা ব্যয় হয়েছে।

সাংসদ শহীদউদ্দিন চৌধুরী এ্যানির এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে ঝড় এবং আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার জন্যে পাঁচ কোটি ২৭ লাখ ১৬ হাজার টাকা ব্যয়ে গুরুত্বপূর্ণ নৌপথ এলাকায় ১১টি আবহাওয়া স্টেশন স্থাপন করা হবে। স্টেশনগুলো নির্মিত হবে আশুগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, চাঁদপুর, বরিশাল, কাউখালি, পটুয়াখালী, রামগতি, পাটুরিয়া (আরিচা), বাঘাবাড়ি ও মাওয়া এলাকায়।

মন্ত্রী বলেন, জাহাজের ডিজাইন ও স্ট্যাবিলিটি পরীক্ষা করতে নয় কোটি ৮৬ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে মডেল টেস্টিং ল্যাব স্থাপন করা হবে। এ ছাড়াও যাত্রীবাহি পুরনো নৌযান আধুনিকীকরণের জন্যে ২৫ কোটি টাকা ব্যয়ে ‘রিভলভিং ফান্ড’ প্রতিষ্ঠা করা হবে।