পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মচারিরা রাজস্ব খাতে যাচ্ছেন
পরিবার পরিকল্পনা অধিদপ্তরে কর্মরত উন্নয়ন খাতের সকল কর্মকর্তা ও কর্মচারিকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
ইতিমধ্যে উন্নয়ন খাতের মোট জনবলের ৪০ শতাংশ হিসাবে ১৬ হাজার ৭৬২ জনকে রাজস্ব খাতভুক্ত করা হয়েছে। আরও ১২ হাজার ৫৬৯ জন (৩০ শতাংশ) কর্মীকৈ রাজস্ব খাতভুক্ত করার প্রস্তাবও অনুমোদিত হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন রোববার জাতীয় সংসদে বিএনপির ডা. রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
নির্ধারিত সময়ের প্রায় ১০ মিনিট পর স্পিকার ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হয়।
স্বাস্থ্য মন্ত্রী সংসদকে জানান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উন্নয়ন খাতের বাকি ৩০ শতাংশ জনবলও পর্যায়ক্রমে রাজস্ব খাতভুক্ত হবে।
একই সদস্যের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ১৯৯৮ ৯৯ অর্থবছর থেকে ২০০৪ ০৫ অর্থবছর পর্যন্ত বিভিন্ন হাসপাতালের জন্য ৩৭০ কোটি এক লাখ টাকার ওষুধ কেনা হয়েছে।
মশিউর রহমান রাঙ্গার এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের ২১ টি উপজেলার দরিদ্র ও দুঃস্থ মহিলাদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে পাইলট মাতৃ স্বাস্থ্য ভাউচার স্কিম চালু করা হয়েছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম গোটা দেশেই চালু করা হবে।
