২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব তামাকমুক্ত দিবসে তামাক বিরোধী আইন বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টির আহ্বান

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন তামাক বিরোধী আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়নে জনসচেতনা অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2005, 09:07 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

ওসমানি মিলনায়তনে মঙ্গলবার এক আলোচনা সভায় তিনি বলেন, সরকারের একার পক্ষে দেশে ধূমপান পুরোপুরি নিষিদ্ধ করা সম্ভব নয়। এ আইনের যথার্থ বাস্তবায়ন জনগণের সদিচ্ছার ওপর নির্ভরশীল।

তিনি বলেন, এটি জনগণের সদিচ্ছা ও সচেতনতার ওপর নির্ভরশীল। আমরা এ ব্যাপারে দেশব্যাপী জনসচেতনা বাড়ানোর চেষ্টা করে যাচ্ছি।

বিশ্ব তামাক দিবস উপলক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউটিও) এবং জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউটের সহায়তায় যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।

মঙ্গলবার সারা দেশে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। এবছর দিবসটির মূল প্রতিপাদ্য ছিল ‘তামাকের বিরুদ্ধে স্বাস্থ্য সেবায় নিয়োজিত পেশাজীবীরা’।

মন্ত্রী বলেন, বর্তমানে সারা বিশ্বে ১ দশমিক ৩ বিলিয়ন লোক ধূমপানে আসক্ত। প্রতিবছর বিশ্বে ৪ দশমিক ৯ মিলিয়ন লোক ধূমাপানজনিত কারণে মারা যায়। বর্তমান অবস্থা চলতে থাকলে আগামী ২০২০ সালের মধ্যে বিশ্বের ১০ মিলিয়ন লোক ধূমপানজনিত কারণে মারা যাবে এবং তাদের ৭০ শতাংশই হবে উন্নয়নশীল দেশের মানুষ।

ড. মোশাররফ হোসেন জানান, দেশের বয়স্ক লোকের মধ্যে ৩৯ শতাংশ ধূমপায়ী এবং তাদের মধ্যে ৫৪ শতাংশ পুরুষ ও ২৪ শতাংশ নারী।

তিনি ধূমপান থেকে বিরত থাকা এবং তামাকজাত পণ্য বিক্রিকে নিরুৎসাহিত করার ব্যাপারে জনসচেতনতা সৃষ্টিতে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের মহাপরিচালক এমএ কামাল এবং বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাক্তার মোস্তাক রহিম স্বপন বক্তব্য রাখেন।

আলোচনা সভার আগে আয়োজক প্রতিষ্ঠানগুলো সকালে যৌথভাবে একটি তামাক বিরোধী র‌্যালি বের করে। র‌্যালিটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে এসে শেষ হয়।

এছাড়া দিবসটি পালন উপলক্ষ্যে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠন আলোচনা সভা ও র‌্যালি বের করে।

উল্লেখ, এ বছরের ১৩ মার্চ জাতীয় সংসদে ধূমপান বিরোধী আইন পাশ হয় এবং ২৬ মার্চ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় সেটি কার্যকর করার ঘোষণা দেয়।