২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতু নির্মাণে ‘জাইকার’ চূড়ান্ত সম্ভাব্যতা সমীক্ষণ রিপোর্ট পেশ

পদ্মা সেতু নির্মাণের লক্ষ্যে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) সম্ভাব্যতা সমীক্ষা জরিপের চূড়ান্ত রিপোর্ট মঙ্গলবার বাংলাদেশ সরকারের নিকট পেশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2005, 03:27 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

সূত্র জানায়, জাইকার রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ মি. আকিও আরাই মাওয়া-জাজিরা পয়েন্টে ছয় দশমিক এক কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা জরিপের চূড়ান্ত রিপোর্ট আনুষ্ঠানিকভাবে যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার কাছে হস্তান্তর করেন।

রিপোর্ট হস্তান্তর কালে জাইকার রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ বলেন, রেলপথসহ প্রস্তাবিত পদ্মা সেতু বাংলাদেশের অর্থনীতি এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে একটি বৈপ্লবিক পরিবর্তন আনবে। প্রাথমিকভাবে ৭ হাজার ৫ শত কোটি টাকা প্রকল্প ব্যয়ে পদ্মা সেতু নির্মাণে মোট সাড়ে ৪ বছর সময় লাগবে বলে জানা যায়। রেলপথ নির্মাণের জন্য মোট প্রকল্প ব্যয়ের শতকরা ১৩ ভাগ বৃদ্ধি পাবে।

জানা গেছে, এক্সট্রা ডোজড ডিজাইনে পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রিপোর্ট হস্তান্তর পরবর্তী বৈঠকে জানানো হয়, জাপান, বিশ্বব্যাংক, এশিয়া উন্নয়ন ব্যাংক, ব্রিটিশ ডিএফআইডি, জেবিআইসিসহ বিভিন্ন দাতা দেশ ও আন্তর্জাতিক অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান পদ্মা সেতু নির্মাণে অর্থের যোগান দিতে আগ্রহ প্রকাশ করেছে। ম্যাচিং ফান্ড হিসাবে বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নেরও ব্যবস্থা করবে বলে যোগাযোগ মন্ত্রী বৈঠকে উল্লেখ করেন। পদ্মা সেতু নির্মিত হলে রাজধানী ঢাকার সাথে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে এবং মংলা সমুদ্র বন্দরের মাধ্যমে বাংলাদেশের আমদানি-রফতানি বহুগুনে বৃদ্ধি পাবে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পদ বিভাগ পদ্মা সেতু নির্মাণে প্রয়োজনীয় বৈদেশিক অর্থায়নের জন্য ইতোমধ্যে পরিকল্পনা গ্রহণ করেছে। আলোচনা কালে যোগাযোগ মন্ত্রী বলেন, সরকারের ধারাবাহিকতা বজায় থাকলে ২০০৭ সালে পদ্মা সেতুর নির্মাণ কাজের শুভ সূচনা করা হবে। এর আগে বৈদেশিক অর্থ সহায়তা এবং অভ্যন্তরীণ সম্পদের যোগান দেওয়ার জন্য বাংলাদেশ সরকার, দাতা দেশ এবং আন্তর্জাতিক অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানগুলোর সাথে কয়েক দফা আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হবে।

জাইকার রিপোর্ট প্রদানের বৈঠকে যোগাযোগ সচিব মো. সফিকুল ইসলাম, যমুনা বহুমুখী সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলী এবং যোগাযোগ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।

উল্লেখ্য, পদ্মা সেতু নির্মাণে জাইকা’র জরিপ দল ২০০৩ সালের মে মাসে জরিপ কাজ শুরু করে এবং ২০০৫ সালের মার্চ মাসে সমীক্ষা জরিপ কাজ সম্পন্ন করে। জাইকা জরিপ দলের প্রধান মি. মাইনরো সিবুয়ার নেতৃত্বে ৬ সদস্যের উপদেষ্টা পরিষদ এবং ২৬ সদস্যের জাপানি বিশেষজ্ঞ দল পদ্মা সেতুর সমীক্ষা জরিপ পরিচালনা করেন।