বিমসটেক বৈঠকে যোগ দিতে প্রতিনিধিরা মঙ্গলবার ঢাকায় পৌছবে
বিমসটেক পররাষ্ট্র সচিবদের সমন্বয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক (এসওএম) বুধবার থেকে ঢাকায় শুরু হচ্ছে। বৈঠকে যোগ দিতে মঙ্গলবার প্রতিনিধিরা ঢাকায় পৌঁছেই একটি নৈশ ভোজসভায় মিলিত হবেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিমসটেক কর্মকর্তারা এর আগে অনানুষ্ঠানিক পরামর্শ সভায় মিলিত হবেন।
বুধবার সকাল ১০ হোটেল শেরাটনের গ্রান্ড বল রুমে পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান ‘দ্য বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মালটি-সেক্টরাল টেকনিক্যাল এণ্ড ইকোনোমিক কো-অপারেশন (বিমসটেক)’-এর এ বৈঠকের উদ্বোধন করবেন।
থাইল্যাণ্ড তাদের মেয়াদ শেষ করায় বাংলাদেশ এ বৈঠকে আঞ্চলিক অর্থনৈতিক ফোরামটির সভাপতির পদ গ্রহণ করবে।
ফোরামের সাতটি সদস্য দেশের মধ্যে প্রত্যেকটি দেশই এ বৈঠকে অংশ নিচ্ছে। এতে বাংলাদেশ বানিজ্য ও বিনিয়োগ বিষয়ে, শ্রীলঙ্কা প্রযুক্তি বিষয়ে, মায়ানমার জ্বালানির ওপর, থাইল্যাণ্ড মৎস্য বিষয়ে এবং ভারত পরিবহন, যোগাযোগ ও পর্যটন বিষয়ে তাদের প্রতিবেদন উপস্থাপন করবে।
এর আগে গত বছরের জুলাই মাসে ফোরামের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় থাইল্যাণ্ডের ব্যাংককে।
বিমসটেককে ‘মুক্ত বানিজ্য অঞ্চল’ ঘোষণা করার ব্যাপারে কতদূর অগ্রগতি হয়েছে সেটাই হবে আগামী ৩১ মে ঢাকায় অনুষ্ঠিতব্য বিমসটেক’র শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের মুখ্য আলোচ্য বিষয়।
বৈঠকে আগামী বিসমটেক শীর্ষ সম্মেলনের সম্ভাব্য তারিখ নির্ধারণের বিষয় নিয়েও আলোচনা হবে।
এ বছরের ৩১ ডিসেম্বরের মধ্যেই এ অঞ্চলে বহুমুখী প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির জন্য বানিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে মুক্ত বানিজ্য অঞ্চল প্রতিষ্ঠার ব্যাপারে চূড়ান্ত আলোচনা হতে পারে।
বৈঠকে আন্তঃদেশীয় সন্ত্রাস ও অপরাধ দমনের ক্ষেত্রে যৌথ কর্মকান্ডের অগ্রগতি নিয়েও আলোচনা হবে।
এছাড়াও সংস্কৃতি, শিক্ষা, জনস্বাস্থ্য, জীববৈচিত্র্য ঐতিহ্য রক্ষা, গ্রামে বসবাসকারী জনগণের উন্নয়ন, ক্ষুদ্র ও মাঝারি মানের শিল্প প্রতিষ্ঠা, অবকাঠামো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বায়োটেকনোলজি, আবহাওয়া ও জলবায়ূ গবেষণা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও ব্যবস্থাপনা বিষয়ে সহযোগিতা নিয়ে বৈঠকে আলোচনা করা হবে।
