২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রুপ ৭৭ এর দক্ষিণাঞ্চলীয় সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী আগামী মাসে কাতার যাচ্ছেন

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গ্রুপ ৭৭ এর দ্বিতীয় দক্ষিণাঞ্চলীয় সম্মেলনে যোগ দিতে আগামী মাসে কাতার যাচ্ছেন। গ্রুপ ৭৭ এর এ সম্মেলন ১২ জুন থেকে ১৬ জুন পর্যন্ত চলবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2005, 09:19 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান বলেছেন, যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার হামলার পর এই প্রথম এ সম্মেলন আয়োজন করা হচ্ছে। ইরাক যুদ্ধ এবং মধ্যপ্রাচ্য সঙ্কটের পরপরই আয়োজিত এ সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মোর্শেদ খান তার কার্যালয়ে সোমবার সাংবাদিকদের বলেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

১৪ থেকে ১৬ জুন পর্যন্ত তিন দিনব্যাপী এ সম্মেলন রাজধানী দোহার শেরাটন দোহা হোটেলে অনুষ্ঠিতহবে। এর আগে এ সম্মেলনকে সামনে রেখে ১২ জুন উচ্চপদস্থ কর্মকর্তাদের এবং ১৩ জুন পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবে।

গ্রুপ ৭৭ এর এ সম্মেলনে অধিকাংশ উন্নয়নশীল দেশের সরকার প্রধান বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে সমন্বয়ের জন্য একটি দক্ষিণ-দক্ষিণ প্ল্যাটফর্ম গঠনকল্পে একটি রাজনৈতিক মতৈক্যে পৌঁছার চেষ্টা করবেন। এছাড়াও ২০০৪ সালের ২৬ ডিসেম্বরে ভারত মহাসাগরের প্রলয়ঙ্করী সুনামির বিষয়টি আলোচনায় স্থান পাবে।

দ্বিতীয় সম্মেলন বিষয়ক বিভিন্ন প্রতিবেদন সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক ও আঞ্চলিক কার্যক্রম, বিধ্বস্ত এলাকাগুলোর পুননির্মাণ, উদ্বাস্তুদের পুনর্বাসন এবং সুনামির ব্যাপারে সতর্কতা সংকেত স্থাপনের বিষয়গুলো সম্মেলনে প্রধান আলোচ্য বিষয় হিসেবে স্থান পাবে।

২০০৪ সালের ১০ থেকে ১১ জুন ব্রাজিলের সাওপলোতে গ্রুপ ৭৭ এর ৪০তম বার্ষিকী পালন করা হয়। চীন, পূর্ব তিমুর (সম্প্রতি স্বাধীনতাপ্রাপ্ত তিমুর লেসটি) সহ বর্তমানে গ্রুপ ৭৭ এর সদস্য ১৩২ টি রাষ্ট্র।

প্রথম দক্ষিণাঞ্চলীয় সম্মেলন অনুষ্ঠিত হয় কিউবার হাভানায় (১০ থেকে ১৪ জুন ২০০০)। এ সম্মেলন হবে গ্রুপ ৭৭ এর ১৩২ টি দেশের সরকার প্রধানদের অংশ গ্রহণে দক্ষিণাঞ্চলে সবচেয়ে বড় সম্মেলন।