২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবিলম্বে জাহাজভাঙ্গা শিল্পে নীতিমালা প্রণয়নের আহ্বান

জাহাজভাঙ্গা শিল্পে শ্রমিকদের সমস্যা সমাধান এবং অধিকার রক্ষায় সোমবার চট্টগ্রামে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তারা গণমাধ্যমের পাশাপাশি সুশীল সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2005, 06:23 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন- ইপসা পরিচালিত জাহাজভাঙ্গা শ্রমিকদের সমস্যা সংক্রান্ত গবেষণা পুস্তক ‘ওয়ার্কার্স ইন শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজ: এ বেইসলাইন সার্ভে অব চিটাগং’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ আহবান জানান তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী প্রফেসর ড. জামাল নজরুল ইসলাম।

তিনি বলেন, জাহাজভাঙ্গা শিল্প থেকে বছরে প্রায় ৯০০ কোটি টাকা রাজস্ব আয় হয়। অথচ এ খাতের শ্রমিকরাই সবচেয়ে বেশি বঞ্চনার শিকার। তারা শ্রমের ন্যায্যমূল্য ও মানবাধিকারের ন্যুনতম সুবিধাটুকু পাচ্ছেন না।

তিনি সম্ভাবনাময় এ শিল্পের সমস্যা ও সম্ভাবনা উভয় দিককে বিবেচনায় রেখে অবিলম্বে জাহাজভাঙ্গা শিল্পে একটি নীতিমালা প্রণয়ণের আহ্বান জানান।

ইপসার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী মাহবুবুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রফেসর শায়রুল মাশরেক।