ঢাকা বিশ্ববিদ্যালয় এখন আন্দোলনে উত্তাল
ঢাকা বিশ্ববিদ্যালয় এখন আন্দোলনে উত্তাল। ছাত্রীদের ওপর হামলা এবং শাম্মী হত্যার প্রতিবাদে সোমবার ক্যাম্পাসে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয় ঘেরাও, প্রক্টরের কুশপুত্তলিকা দাহ, মিছিল ও সমাবেশ করে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্রদল এবার অপরাজেয় বাংলা, বটতলাসহ কলাভবনের সামনের অংশে কর্মসূচি পালন করায় সাধারণ শিক্ষার্থীদের ফোরাম ‘নির্যাতন বিরোধী শিক্ষার্থী’ তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি অপরাজেয় বাংলার পরিবর্তে ডাকসু ভবনের সামনে পালন করে।
দুপুরের পর তারা চারুকলার সামনে রাস্তায় বিভিন্ন ধরণের প্রতিবাদী চিত্রাঙ্কন, পোস্টার ও ব্যানার নিয়ে সমাবেশ করে। এ সময় তারা উপাচার্য ও প্রক্টরকে উদ্দেশ করে ব্যাঙ্গাত্মক গান গায়।
সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী ছাত্র জোট সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় ঘেরাও করে। ঘেরাও চলাকালে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রগতিশীল ছাত্রজোট দুপুরে বিক্ষোভ মিছিলসহ ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে সমাবেশ করে। সেখানে তারা উপাচার্য এবং প্রক্টর পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে।
ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে প্রক্টরের কুশপুত্তলিকা দাহ করে।
দুপুরে ঢাবি‘র মধুর ক্যান্টিনে ছাত্রদল এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে বক্তব্য ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আজিজুল বারী হেলাল।
তিনি বলেন, শাম্মীর মৃত্যুর ঘটনা অরাজনৈতিক ও একটি দু:খজনক ঘটনা। তিনি ক্যাম্পাসে অস্থিতিশীল ঘটনার জন্য ছাত্রলীগকে দায়ী করেন।
ছাত্রদল সভাপতি অভিযোগ করে বলেন, ছাত্রলীগ এ ধরণের ঘটনাকে তাদের স্বার্থে ব্যবহার করছে। তারা শিক্ষার পরিবেশ নষ্ট ও ক্যাম্পাস অচল করার প্রচেষ্টা চালাচ্ছে।
তিনি শাম্মীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং যারা এই মর্মান্তিক ঘটনাকে পুঁজি করে প্রক্টর অফিসে ভাঙচুর করেছে, তাদের শাস্তি প্রদানের দাবি জানান।
বিকালে শাম্মীর স্মরণে ‘কর্মজীবী নারী’র উদ্যোগে মুক্তাঙ্গনে একটি শোক সমাবেশ হয়। এতে শাম্মীর বোন শারমীন আক্তার মালা উপস্থিত ছিলেন। পরে বের করা হয় একটি শোক র্যালী।
এছাড়া পঞ্চগড় জেলা ছাত্র কল্যান সমিতি ঢাবি উপাচার্যের কাছে স্মারকলিপি পেশ করেছে। স্মারকলিপিতে শাম্মীর নামে বিশ্ববিদ্যালয়ের একটি সড়কের নামকরণসহ পাঁচ দফা দাবি উল্লেখ করা হয়।
