আমেরিকা প্রবাসী ৩ বাংলাদেশীর লাশ রোববার ঢাকা এসে পৌঁছায়নি, মৃত্যু নিয়ে বিভ্রান্তি
আমেরিকা প্রবাসী তিন বাংলাদেশীর লাশ রোববার ঢাকায় পৌঁছার কথা থাকলেও ওই দিন বিকেল পর্যন্ত তা এসে পৌঁছায়নি।
গত ২০ মে আমেরিকা প্রবাসী ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কাজী বাতেন (৩৭), তার স্ত্রী তাবাসসুম শম্পা (২৫) ও তাদের একমাত্র কন্যা সন্তান আরসিয়া বিনতে ঐশী (১) লসএঞ্জেলসে নিজ ফ্লাটে খুন হন।
কিভাবে তাদের মৃত্যু হয়েছে এ নিয়ে সকলের মধ্যে এখনো বিভ্রান্ত রয়েছে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত কাজী বাতেন ও তার স্ত্রী শম্পার মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপোড়েন চলছিল।
সূত্র জানায়, কাজী বাতেন লসএঞ্জেসে একটি ডিপার্টমেন্টাল স্টোরে কাজ করতেন এবং বাস করতেন উত্তর বেরেণ্ড রোডে। কাজী বাতেন প্রায়ই টেলিফোন করে তার আত্মীয় স্বজনের নিকট দাম্পত্য কলহের কথা জানিয়ে কান্নাকাটি করতেন।
দাম্পত্য কলহের কারণে তিন মাস আগে কাজী বাতেন ঘুমের ওষুধ খেয়ে একবার আত্মহত্যার চেষ্টাও চালিয়েছিলেন বলে সূত্র উল্লেখ করে।
‘পরকীয়ার কারণে স্ত্রী শম্পা ক্ষুব্ধ হয়ে তার ভাই কাজী বাতেন ও সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে’ বলে পত্রিকায় যে খবর প্রকাশিত হয়েছে কাজী বাতেনের ছোট ভাই কাজী কাওসার তা অস্বীকার করেন।
তিনি বলেন, তার ভাই খুব ভাল মানুষ ছিল। এফবি আই’র তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এটি হত্যাকাণ্ড না আত্মহত্যা তা জানা যাবে না।
লাশ দেশে আসতে আরও কয়েকদিন সময় লাগবে বলে তিনি জানান।
