২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ২৫

ফেনী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও বরিশালে পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় সাত জন নিহত ও ৫০ জন আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2005, 07:22 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

বিডিনিউজ ফেনী প্রতিনিধি জানান, জেলার অদূরে সিলোনিয়া নামক স্থানে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৫ জন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের (চট্ট-মেট্টো-ব-১১-০১৪৪) সাথে বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি ট্রাকের (চুয়াডাঙ্গা-ট-১১-০০০১) মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ট্রাকের হেলপার নাজমুল (৪০) এবং অজ্ঞাত পরিচয় তিন ব্যাক্তিসহ চার জন নিহত হয়।

আহতদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, রোববার সকাল ৭ টার দিকে সদর উপজেলার শর্শাদি এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেন এএলবিজে ৭৪০ ডাউন ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এ সময়ে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস কয়েক হাজার যাত্রী নিয়ে শর্শাদি স্টেশন এলাকায় আটকা পড়ে। দুই ঘন্টা পর সকাল ৯ টার দিকে বিকল্প পথে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

বিডিনিউজ মুন্সিগঞ্জ প্রতিনিধি জানান, জেলা সদরের দর্পনা সিনেমা হলের সামনে রোববার বালুভর্তি একটি ট্রাক একটি ভ্যানকে চাপা দিলে ভ্যান চালক ফারুক (২৫) ঘটনাস্থলেই নিহত হয়।

পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে এবং চালককে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ মানিকগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা সিঙ্গাইর সড়কে শনিবার সকালে এক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে।

পুলিশ জানায়, সিঙ্গাইর উপজেলার অদূরে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মটর আরোহী আক্তার হোসেন (৩০) নিহত হয়। নিহত আক্তারের বাড়ী সিঙ্গাইরের আটিপাড়া গ্রামে।

পুলিশ লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

অপর এক সড়ক দুর্ঘটনায় রোববার বিকেলে বরিশাল সরকারী ব্রজমোহন কলেজের সামনে চল্লিশোর্ধ অজ্ঞাত পরিচয় এক মহিলা নিহত হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, রাস্তার পাশ দিয়ে পথ চলার সময় পিছন দিক দিয়ে একটি মাল বোঝাই ট্রাক মহিলাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।