২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্ত অভিযানে আটক আবদুস সামাদকে ৭ দিনের রিমাণ্ডে ঢাকার জেআইসিতে প্রেরণ

শেরপুর জেলার ঝিনাইগাতি সীমান্তে র‌্যাব ও বিডিআর এর শুক্রবারের যৌথ অভিযানে আটক আবদুস সামাদকে রোববার ঢাকার জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) পাঠানো হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2005, 06:30 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

একই অভিযানে মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে আটক সন্দেহভাজন সাতজন ভারতীয় সন্ত্রাসবাদীকেও জিজ্ঞাসাবাদের জন্য জেআইসি পাঠানোর জন্য আদালত আদেশ দিয়েছে।

ঝিনাইগাতি থেকে আটক আবদুস সামাদকে রোববার আদালতে প্রেরণ করে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করে।

ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদালতকে বলেন, আটককৃত সামাদ রাষ্ট্র বিরোধী কর্মকান্ডে জড়িত ছিলো। তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার জেআইসি-তে পাঠানো হোক। শুনানী শেষে আদালত তাকে জেআইজিতে পাঠানোর নির্দেশ দিলে সামাদকে নিয়ে ঢাকার পথে রওয়ানা দেয় পুলিশ।

এদিকে কমলগঞ্জে আটক সুনীল দেব বর্মা, হামির দেব বর্মা শনিবারই অস্ত্র ও বিস্ফোরক আদালতে সোপর্দ করার পর তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

অপরপক্ষে অভিযানকালে কুলাউড়া উপজেলার নুনছড়া পুঞ্জি থেকে আটক বামকেন, কুকিজুরী পুঞ্জি থেকে আটক কুলার সিংহ ও ফেই এবং শ্রীমঙ্গল উপজেলা থেকে আটক প্রদীপ কুমার সিংহ ও তনু সিংহকে আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। পুলিশ ১০ দিনের রিমান্ড প্রার্থনা করেছিল।

দুইদিন পার হলেও শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও কুলাউড়ার অবস্থা এখনও থমথমে রয়েছে। যেখানে অপারেশন চলে সেখানে কড়া পুলিশি পাহারা মোতায়েন রয়েছে।