র্যাবের সাথে বন্দুকযুদ্ধে সুন্দরবনের ডাকাত বাহিনীর প্রধান রফিক নিহত
বাগেরহাটের মংলায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিনের (র্যাব) সাথে বন্দুক যদ্ধে সুন্দরবনের বনদস্যু রফিক বাহিনী প্রধান রফিক নিহত হয়েছে। রোববার ভোরে মংলা আবহাওয়া অফিস সংলগ্ন চর এলাকায় এ বন্দুক যুদ্ধ সংঘটিত হয়। বন্দুকযুদ্ধে র্যাবের দু’সদস্যও আহত হয়।
র্যাব খুলনা-৬ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে মংলার বানিয়াশান্তা এলাকায় অভিযান চালিয়ে রফিক বাহিনীর প্রধান রফিক শেখ ওরফে রফিক ডাকাতকে(৩৫) গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী র্যাবের একটি দল অস্ত্র ও সহযোগীদের গ্রেপ্তারের উদ্দেশ্যে তাকে নিয়ে আস্তানায় যাওয়ার পথে মংলার চর এলাকায় পৌঁছলে রফিক বাহিনীর সদস্যরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে।
এ সময় র্যাবও পাল্টা গুলি চালায় এবং এতে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ১৫ মিনিট ধরে সংঘটিত এ বন্দুকযুদ্ধে রফিক ঘটনাস্থলেই নিহত হয়। র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে দুটি বিদেশী বন্দুক, চার রাউন্ড গুলি ও তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।
নিহতের লাশ, উদ্ধার করা অস্ত্র ও গুলি মংলা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মংলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
র্যাব আরও জানায়, রফিকের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজী, অপহরণ, ডাকাতিসহ অসংখ্য মামলা রয়েছে।
অন্যদিকে, র্যাব সদস্যরা শনিবার গভীর রাতে ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী মো. আব্দুল আউয়াল (২৮), ও মো. রেজাউল ইসলামকে (২৬) গ্রেপ্তার করে। এ সময় র্যাব সদস্যরা তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও চার রাউন্ড গুলি উদ্ধার করে।
শনিবার ভোরে সাতক্ষীরা এলাকায় অপর অভিযানে র্যাব সদস্যরা ১০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মিজানুর রহমানকে গ্রেপ্তার করে।
