বিশ্বব্যাপী ধর্ম বৈষম্য দূর করতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসাথে কাজ করবে: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান রোববার বলেছেন, বিশ্বব্যাপী ধর্ম বৈষম্য দূর করতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে।
যুক্তরাষ্ট্র সফর শেষে ফিরে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অন্যতম অংশীদার বলে মনে করে। তারা বাংলাদেশের অর্থনীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিনিয়োগের পরিবেশ ও নারীর ক্ষমতায়নের ব্যাপারে জানতে আগ্রহী।
মন্ত্রী গত ১৬ মে ব্যক্তিগত সফরে মার্কিন যুক্তরাষ্ট্র যান।
মন্ত্রী বলেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারের কার্যকর ভূমিকায় তারা সন্তুষ্ট।
তিনি বলেন, আমি মার্কিন পররাষ্ট্র মন্ত্রী কণ্ডোলিজা রাইস ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্টিফেন হ্যাডলির সাথে বৈঠক করেছি। এছাড়া যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট ও রিপাবলিকান দলের বেশ কয়েকজন কংগ্রেসম্যান ও সিনেটরের সাথে আলাপ আলোচনা করেছি। তাদের সঙ্গে আমার দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। তারা আমাদের দেশের তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময়ের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।
এম মোরশেদ খান বলেন, তিনি কংগ্রেস সদস্য এবং সিনেটরদের প্রস্তাবিত বাণিজ্য আইন পাশ করার অনুরোধ জানিয়েছেন। প্রস্তাবিত ওই আইন পাশ হলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের গার্মেন্টস পন্যের রপ্তানী বৃদ্ধি পাবে।
তিনি বলেন, ওই বাণিজ্য আইন পাশ করার ব্যপারটা ক্যাপিটাল হিলের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সিনেটর ও কংগ্রেস সদস্যদের সাথে আলোচনার সময় আমি আইনটি পাশের প্রয়োজনীতার কথা তুলে ধরেছি। তারা আমাকে এ ব্যাপারে আশান্বিত করেছে।
বাংলাদেশে মৌলবাদী এবং সন্ত্রাসীদের উপস্থিতি এবং বাংলাদেশের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগের ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পররাষ্ট্র দপ্তরসহ যুক্তরাষ্ট্র তাদের নিজেদের উৎসের মাধ্যমে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে সচেতন রয়েছে।
তিনি বলেন, সরকার দূর্নীতি রোধের ব্যাপারে সজাগ রয়েছে।
তিনি আরও বলেন, আমি স্পষ্টভাবে তাদেরকে জানিয়েছি যে দূর্নীতি রোধে সরকার স্বাধীন দূর্নীতি দমন কমিশন গঠন করেছে। আমরা যদি অন্য সকল সমস্যর সমাধান করতে পারি তাহলে দেশ থেকে দূর্নীতিও দূর করতে পারব।
তিনি যুক্তরাষ্ট্রে তার সফরকে ফলপ্রসূ বলে বর্ণনা করেন। তিনি জানান, স্টিফেন হ্যাডলি বাংলাদেশ সফরের ইচ্ছা ব্যক্ত করেছেন।
পরাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্র মন্ত্রীরন সাথে একান্তে আলাপ করেছেন বলেও জানান।
মোরশেদ খান তার মেয়ের গ্রাজুয়েশন শেষ করা উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র সফরে যান।
