২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওসমানী বিমান বন্দর এখন সোনা চোরাচালানের অন্যতম রুট

সিলেট এখন সোনা চোরাচালানের অন্যতম রুটে পরিনত হয়েছে। আকাশ পথ হচ্ছে এর মাধ্যম। সিলেটের ওসমানী বিমান বন্দরে লন্ডন এবং দুবাই থেকে সরাসরি যাত্রীবাহী এয়ারবাস এসে অবতরণের সুবিধা সৃষ্টি হওয়ার পর থেকে সোনা চোরাচালানকারীদের দৃষ্টি পড়েছে এ রুটের দিকে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2005, 02:10 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

বিশেষজ্ঞদের ধারনা প্রতি বছর যে কোটি কোটি টাকা মূল্যের সোনা চোরাই পথে এদেশে প্রবেশ করছে , তার উল্লেখযোগ্য পরিমান বিমান পথে সিলেটে আসে।

বিশেষ সূত্র মতে , গত দুই বছরে সিলেটে অন্তত দশটি বড় ধরণের চোরাই সোনা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে । এগুলোর প্রতিটিই ছিলো মূল চালান । প্রতি চালানের মূল্য কোটি টাকারও বেশি। এছাড়া বিচ্ছিন্নভাবে ছোট খাটো চোরাই সোনা ছিনতাইয়ের বহু ঘটনা ঘটেছে। সর্বশেষ গত ২০ ফেব্রুয়ারী দুপুরে সিলেট ওসমানী বিমান বন্দর থেকে এক কিলোমিটার দূরে বড় ধরণের একটি সোনা ছিনতাই সংঘটিত হয়। ছিনতাইকৃত সোনার মূল্য প্রায় ২ কোটি টাকা বলে একাধিক সূত্র জানায় । সূত্র জানায়, ছিনতাইয়ের শিকার ব্যক্তিটি আইনের আশ্রয় না নিয়ে ভিন্ন পথে অগ্রসর

হয় । পুলিশও আনঅফিসিয়ালি বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নেয়। তারা সন্দেহজনকভাবে ৪ জনকে আটক করে পরে ছেড়েও দেয় ।

সচেতন মহলের ধারনা, চাঞ্চল্য সৃষ্টিকারী এ ঘটনাটি শেষ পর্যন্ত সংশ্লিষ্ট সকলের স্বার্থেই চাপা পড়ে যায় । ২৯ অক্টোবর ২০০০ তারিখে গোয়েন্দা পুলিশের হাতে সোনাসহ হাতে নাতে ২ জন আটক হবার ঘটনা এবং তারও আগে আরেকটি সফল অপারেশন ছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আর কোন সাফল্য

নেই ।

এ সংক্রান্ত মামলাটি এখন আদালতে বিচারাধীন। তবে যারা ধরা পড়ে তারা হুকুমের গোলাম। গড ফাদারদের পরিচয় সংশ্লিষ্ট মহলে জানাজানি হয়ে গেলেও সাক্ষ্য প্রমানের অভাবে তারা আইনের নাগালের বাইরে থেকে যাচ্ছে ।

খোঁজ নিয়ে জানা গেছে, চোরাচালান দমনে ওসমানী বিমান বন্দর কাস্টমস কর্তৃপক্ষের কোন প্রস্তুতি নেই । যাত্রীদের অধিকতর সেবা দেয়ার জন্য কাস্টমস লাউঞ্জে গ্রীন চ্যানেল চালু হয়। এই চ্যানেল দিয়ে মালামাল বেরিয়ে আসার আগে তা স্ক্যানিং এর ব্যবস্থা রয়েছে । কিন্তু সেখানে ব্যবহৃত স্ক্যানিং মেশিনটি অতি পুরনো । সাদাকালো মনিটরে দৃষ্টি রেখে কোনভাবেই যথাযথ ফল পাওয়া সম্ভব নয় । রয়েছে লোকবলের অভাব। প্রতি সাপ্তাহে লন্ডন-দুবাই-সিলেট রুটে যে তিনটি ফ্লাইট রয়েছে, সেগুলোতে যুক্তরাজ্য এবং সংযুক্ত আরব আমিরাতের বিমানযাত্রীদের সাথে সোনা পাচারকারীরাও সওদাগরি ট্রিপে আসে।

সূত্র জানায় , চোরাই পথে আসা সোনা সীমান্ত দিয়ে বেরিয়ে যায় । সিলেটের রুটগুলোর মধ্যে রয়েছে কানাইহাট, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, দোয়ারা বাজার , কমলগঞ্জ, উপজেলার কয়েকটি সীমান্ত এলাকা। এসব পথে সোনা পাচারের বিনিময়ে চোরাকারবারীরা অস্ত্র মাদকদ্রব্যসহ বিভিন্ন ভারতীয় পন্য নিয়ে আসে।