চাঁপাইনবাবগঞ্জে ধান ও চাল ক্রয়ের সরকারি উদ্যোগ ভেস্তে যেতে বসেছে
চাঁপাইনবাবগঞ্জ জেলায় চলতি বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হলেও ধান ও চাল ক্রয়ের সরকারি উদ্যোগ ভেস্তে যেতে বসেছে। কারণ বাজার দর ও সরকারি দরে ব্যাপক হেরফের।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার জেলায় ৪৯ হাজার ২শ’ হেক্টর জমিতে বোরোর আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে উফশী জাতের ৪৯ হাজার হেক্টর ও স্থানীয় জাতের ২শ’ হেক্টর। সূত্র আরও জানায়, জেলায় এবার বোরো উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছিল ১ লাখ ৬৬ হাজার ৯৪৮ মে. টন। উফশী জাতের হেক্টর প্রতি ৩ দশমিক ৪০ এবং স্থানীয় জাতের হেক্টর প্রতি ১ দশমিক ৭৪ মে. টন হারে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে নির্ধারিত লক্ষমাত্রার চেয়ে বেশি উৎপাদন হয়েছে।
জেলা খাদ্য বিভাগ সুত্রে জানা গেছে, মৌসুমে ধানের বাম্পার ফলন হলেও বর্তমান বাজার দরের চেয়ে সরকারি দর অনেক কম হওয়ার কারণে সরকারিভাবে ধান ও চাল ক্রয় করা সম্ভব হচ্ছে না।
জানা গেছে, এবছর জেলার ৫টি উপজেলায় ১২ হাজার ৬’শ ৫ মে. টন চাল ও ১ হাজার ৮ ’শ ৯১ মে. টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। গত ২৫ এপ্রিল থেকে ধান-চাল ক্রয় অভিযান শুরু হলেও ধান সংগ্রহ হয়েছে মাত্র ৮ দশমিক ২৬০ মে. টন এবং চাল সংগ্রহ হয়েছে ১২২৪ দশমিক ২৫৫ মে. টন। তবে কিছুদিন আগে কয়েকটি উপজেলার রাইস মিলের মিলারগণ চাল সরবরাহের জন্য খাদ্য বিভাগের সাথে চুক্তিবদ্ধ হয়েছে।
জেলার বিভিন্ন বাজারে বর্তমানে নতুন ধান বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৬০ টাকা মণ এবং চাল ৬০০ থেকে ৭২০ টাকা মণ দরে। অপরদিকে সরকারিভাবে ক্রয় করা হচ্ছে ধান ৩৭০ টাকা মণ ও চাল ৫৮০ টাকা মণ দরে।
