২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মুক্ত বানিজ্য অঞ্চল’ প্রতিষ্ঠাই হবে আসন্ন বিমসটেক বৈঠকের মুখ্য আলোচ্য বিষয়

বিমসটেককে মুক্ত বানিজ্য অঞ্চল ঘোষণা করার ব্যাপারে কতদূর অগ্রগতি হয়েছে সেটাই হবে আগামী ৩১ মে ঢাকায় অনুষ্ঠিতব্য বিমসটেক’র শীর্ষ কর্মকর্তাদের দুই দিনব্যাপী বৈঠকের মুখ্য আলোচ্য বিষয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2005, 10:32 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন বলেন, আমরা ২০০৪ সালের জুলাইতে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে গৃহীত সিদ্ধান্তসমূহের অগ্রগতি পর্যালোচনা করে দেখবো।

বৈঠকে বাংলাদেশ বানিজ্য ও বিনিয়োগ বিষয়ে, শ্রীলঙ্কা প্রযুক্তি বিষয়ে, মায়ানমার জ্বালানির ওপর, থাইল্যাণ্ড মৎস্য বিষয়ে এবং ভারত পরিবহন, যোগাযোগ ও পর্যটন বিষয়ে তাদের প্রতিবেদন উপস্থাপন করবে।

শীর্ষ কর্মকর্তাদের নিয়ে এটি হবে বিমসটেকের ৯ম বৈঠক। এতে ভারত ও ভুটান ছাড়া অন্যান্য সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্র সচিবদের অংশ নেওয়ার কথা রয়েছে। ভারতের পক্ষে সেদেশের পররাষ্ট্র বিষয়ক (প্রাচ্য) সচিব বৈঠকে অংশ নেবেন। অন্যদিকে ভুটানের পক্ষে অংশ নেবেন বাংলাদেশে নিযুক্ত সেদেশের রাষ্ট্রদূত।

বিমসটেক কর্মকর্তারা ৩১ মে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক ভোজ সভায় অনানুষ্ঠানিক আলোচনায় মিলিত হবেন। পরে শেরাটন হোটেলে ১ জুন আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান বৈঠকের উদ্বোধন করবেন।

পররাষ্ট্র সচিব শনিবার সাংবাদিকদের বলেন, বৈঠকে আগামী বিসমটেক শীর্ষ সম্মেলনের সম্ভাব্য তারিখ নির্ধারণের বিষয় নিয়েও আলোচনা হবে।

এ বছরের ৩১ ডিসেম্বরের মধ্যেই এ অঞ্চলে বহুমুখী প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির জন্য বানিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে মুক্ত বানিজ্য অঞ্চল প্রতিষ্ঠার ব্যাপারে চূড়ান্ত আলোচনা হতে পারে।

বৈঠকে আন্তঃদেশীয় সন্ত্রাস ও অপরাধ দমনের ক্ষেত্রে যৌথ কর্মকান্ডের অগ্রগতি নিয়েও আলোচনা হবে।

এছাড়াও সংস্কৃতি, শিক্ষা, জনস্বাস্থ্য, জীববৈচিত্র্য ঐতিহ্য রক্ষা, গ্রামে বসবাসকারী জনগণের উন্নয়ন, ক্ষুদ্র ও মাঝারি মানের শিল্প প্রতিষ্ঠা, অবকাঠামো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বায়োটেকনোলজি, আবহাওয়া ও জলবায়ূ গবেষণা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও ব্যবস্থাপনা বিষয়ে সহযোগিতা নিয়ে বৈঠকে আলোচনা করা হবে।