কিশোরগঞ্জে মাদ্রাসা ছাত্র হত্যার প্রতিবাদে ২০ বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুর
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার দরিয়াকান্দা গ্রামে মাদ্রাসা ছাত্র হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা প্রায় ২০টি বাড়িতে অগ্নিসংযোগসহ লুটপাট ও ভাংচুর চালায়।
কুলিয়ারচর থানার ওসি নবি হোসেন বিডিনিউজকে জানান, বাচ্চাদের ঝগড়া সম্পর্কিত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসা ছাত্র সবুজ (২০) নিহত হয়।
তিনি জানান, বাচ্চাদের ঝগড়া নিষ্পত্তির জন্য শুক্রবার সকাল ১০টার দিকে সবুজ একই উপজেলার নামাকান্দা গ্রামে বোনের বাড়িতে পৌঁছলে প্রতিপক্ষ তার ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় দরিয়াকান্দা গ্রামের জহিরুল হক, নবী হোসেন ও বসুসহ ১৫ জনকে আসামী করে কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে শনিবার এ হত্যার প্রতিবাদে মধ্য লক্ষ্মীপুর গ্রামের উত্তেজিত জনতা দরিয়াকান্দা গ্রামের ২০ বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাংচুর করে।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
