২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় এসিড নিক্ষেপে শিশু মুক্তা নিহত হওয়ার ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

খুলনার কয়রা উপজেলায় সন্ত্রাসীদের নিক্ষিপ্ত এসিডে শিশু মুক্তা নিহত এবং মা রেক্সোনা ও ছেলে বাদশা গুরতর আহত হওয়ার ঘটনায় আমাদী ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ এবাদত হোসেনকে শনিবার পুলিশ গ্রেফতার করেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2005, 08:46 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

গ্রেফতারকৃত এবাদত হোসেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শাহ মুহাম্মদ রুহুল কুদ্দুসের চাচাতো ভাই এবং জামাতে ইসলামীর একজন সক্রিয় কর্মী।

পুলিশ জানায়, এসিড নিক্ষেপের ঘটনায় নিহত মুক্তার পিতা মোস্তফা মোল্লার মামলা দায়েরের পর শনিবার ভোরে জায়গীর মহল গ্রামে অভিযান চালিয়ে আসামী ইউপি চেয়ারম্যান এবাদত হোসেনকে গ্রেফতার করা হয়।

এর আগে এসিড নিক্ষেপের ঘটনায় শুক্রবার রাতে নিহত মুক্তার পিতা মোস্তফা মোল্লা বাদি হয়ে সাত জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

মামলার অন্য আসামীরা হলো- আরশাদ আলী, ইউসুফ আলী, রহমত আলী, আফসার, মুনসুর গাজী ও শফি গাজী।