২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুম্ম জমি দখল করছে বাঙালি বসতি স্থাপনকারীরা: পাহাড়ি নেতৃবৃন্দ

পাহাড়ে সেনা বাহিনীর সহায়তায় বাঙালি বসতি স্থাপনকারীরা জুম্মদের (পাহাড়ি) জমি দখল করে নিচ্ছে বলে বিভিন্ন আদিবাসী সংগঠন অভিযোগ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2005, 08:44 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

জাতীয় প্রেসক্লাবে শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে আদিবাসী নেতারা এই অভিযোগ করেন। পার্বত্য জেলা নাগরিক কমিটি, আদিবাসী ফোরাম, পার্বত্য ভিক্ষু সংঘ, জুম্ম শরণার্থী কল্যাণ সমিতি, মারমা উন্নয়ন সংসদ ও হিল ল’ গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের যৌথভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এতে জুম্ম শরণার্থী কল্যাণ সমিতি নেতা সন্তোষিত চাকমা বলেন, বাঙালি বসতি স্থাপনকারীরা খাগড়াছড়ির মহালছড়ির লেমুছড়ি এবং কুটিং টিলার পাহাড়ি জমি দখল করে নিয়েছে। সরকারের সংশ্লিষ্ট কয়েকটি মহলের প্রত্যক্ষ সমর্থন ও মদদে এই ভূমি দখল হচ্ছে।

সংবাদ সম্মেলনে আদিবাসী নেতারা খাগড়াছড়ি পার্বত্য জেলার বাবুছড়ায় বিডিআর ক্যাম্প ও পুজগাংয়ে সেনানিবাস স্থাপনের নামে জমি হুকুম দখল বাতিল, জুম্ম শরণার্থীদের জায়গা জবর দখলের মাধ্যমে বেয়ালখালী নতুন বাজার স্থাপন বাতিল, বৌদ্ধ শিশুঘর অনাথ আশ্রমসহ অন্যান্য বৌদ্ধ বিহার, হরি মন্দির, অনাথ আশ্রম, শ্মশান ভূমি এবং জুম্মদের বেদখলকৃত জমি পুনরুদ্ধার, বেদখলের প্রক্রিয়া বন্ধ এবং জুম্মদের অস্তিত্ব ও ভূমি অধিকার সংরক্ষণের দাবি জানান।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হংসধ্বজ চাকমা, সুমনা লংকার মহাথের, আশুতোষ চাকমা, প্রভাকর চাকমা, শক্তিপদ ত্রিপুরা।