২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক শিক্ষার মান ও অগ্রগতি নিশ্চিত করতে সংসদীয় কমিটির আহ্বান

সারাদেশে একযোগে প্রাথমিক শিক্ষার মান ও অগ্রগতি নিশ্চিত করা এবং শিক্ষাক্ষেত্রে পরিপূর্ণ সাফল্য অর্জনে বর্তমান সরকারের গৃহীত কার্যক্রম নির্দিষ্ট সময়ে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা শিক্ষা কমিটির উপদেষ্টা সংসদ সদস্যদের প্রতি বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2005, 08:30 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

জাতীয় সংসদের ‘প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২২তম বৈঠকে শনিবার এ আহ্বান জানানো হয়। খবর তথ্য বিবরণীর।

বৈঠকে দেশে ৭ হাজার একশ’টি বিদ্যালয়ের ১৪ হাজার দু’শটি শ্রেণীকক্ষ নির্মাণের বিষয়ে কমিটিকে অবহিত করা হয়।

অন্যদিকে, বিগত বন্যা পরবর্তী জরিপের ফলাফল অনুযায়ী তিনটি শ্রেণীতে বিভাজনের মাধ্যমে বিভিন্ন উচ্চতায় স্কুল ভবন নির্মাণে সংশ্লিষ্ট বিভাগসমূহ নতুনভাবে কার্যক্রম গ্রহণ করেছে বলে বৈঠকে জানানো হয়।

বৈঠকে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের জমির খাজনার রশিদ বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে রাখা, বিদ্যালয়ের সীমানা প্রাচীর বা খুঁটি স্থাপন এবং আনুষঙ্গিক অন্যান্য নিয়ম-কানুনের বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশনা প্রদানের সুপারিশ করা হয়। এছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিতভাবে বিদ্যালয় পরিদর্শন কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়।

স্থায়ী কমিটির বৈঠকে পার্বত্য জেলার বিদ্যালয়সমূহে শিক্ষাদান পদ্ধতির উন্নত মান ও ছাত্রছাত্রীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগের মাধ্যমে সেসব অঞ্চলের ভাষাগত সমস্যা দূরীকরণের ব্যাপারে আলোচনা হয়।

এ ব্যাপারে কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় সরেজমিন পরিদর্শন শেষে যে নির্দেশনা প্রদান করে তা বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়।

স্থায়ী কমিটির সভাপতি মো. হেলালুজ্জামান তালুকদার লালুর সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে কমিটির সদস্য মো. মজিবর রহমান, নজির হোসেন, মো. আ. করিম আব্বাসী এবং কাজী আলাউদ্দীন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব একেএম সামসুদ্দীন এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটির সদস্য প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী বৈঠকে যোগদান করেন।