মুন্সীগঞ্জ, রংপুর ও গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত, আহত ৮০
মুন্সীগঞ্জ, রংপুর ও গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শনিবার সকালে ও শুক্রবার রাতে ১১ জন নিহত এবং আরও ৮০ জন আহত হয়েছে।
মুন্সীগঞ্জ থেকে বিডিনিউজ প্রতিনিধি জানান, ঢাকা থেকে বরিশালগামী একটি বাস শনিবার সকাল ৮ টার দিকে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার নিমতলা নামক স্থানে ফুটপাতে উঠে গেলে ঘটনাস্থলেই পাঁচ জন নিহত ও ৩০ জন আহত হয়।
নিহতরা হলো-সিরাজদিখান উপজেলার শুলপুর গামের রাহেলা (৭৫), ভারলিয়া গ্রামে আয়শাব নেছা (৭০), পৌশার গ্রামের রিক্সাচালক মামুন (৩০), ময়মনসিংহের ছনধরা গ্রামের গ্রামের আলী হোসেন (১৮) ও টাঙ্গাইলের সিরাজকান্দি গ্রামের ফেরিওয়ালা সোনামিয়া (২৯)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার পর পরই আত্মীয় স্বজনরা আয়শাব নেছার মৃতদেহ নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত আয়শাব নেছা ছাড়া বাকি চার জনের লাশ ময়না তদন্তের জন্যে মুন্সীগঞ্জ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছিল।
গুরুতর আহতদের মধ্যে ছয় জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো- আজিজ (৩৫), জাহাঙ্গীর (৫০), নেকবর (৪০), জয়দেব (৪৮), রমেশ (৫৩) ও হাবিবুল (৪৫)।
দুর্ঘটনায় আহতদের ঢাকা ও স্থানীয় বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, বাস যাত্রী সকলেই অক্ষত রয়েছে।
পুলিশ বাসটিকে আটক করলেও চালক পলাতক রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এ সময় ঢাকা-মাওয়া মহাসড়কে আধ ঘন্টার মত যান চলাচল বন্ধ ছিল।
বিডিনিউজ’র রংপুর প্রতিনিধি জানান, অপর ঘটনায় রংপুর-দিনাজপুর সড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলায় শুক্রবার রাতে বাস-ট্রাকের সংঘর্ষে পাঁচ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, নীলফামারীর ডোমার থেকে ঢাকাগামী দ্রুতি পরিবহনের যাত্রী বোঝাই একটি নৈশ কোচ দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই একটি ট্রাককে ধাক্কা দিলে বাসটি দুমড়ে মুচড়ে যায়।
ঘটনাস্থলেই শাকিল (৩২) নিহত হয় এবং আইজুল (৪২) ও লিটন (২৩) তারাগঞ্জ হাসপাতালে, আমিনা (৫০) ও অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
আহতদের তারাগঞ্জ, সৈয়দপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২২ জনের অবস্থা আশঙ্কাজনক। আহত যাত্রী কামাল জানায়, যাত্রীদের কথায় আপত্তি সত্ত্বেও চালক বেপরোয়াভাবে গাড়ী চালাচ্ছিল।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।
গাজীপুর প্রতিনিধি জানান, শুক্রবার রাত ৪টার দিকে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নওজোর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগামী একটি ট্রাক রাস্তা ছেড়ে পাশ্ববর্তী দোকানে ঢুকে পড়লে কামরুল ইসলাম (১৪) নামে একজন দোকান কর্মচারি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় দোকানের ভেতরে ঘুমিয়ে ছিল।
দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেলেও পুলিশ ট্রাকটি আটক করেছে।
নিহতের লাশ ময়না তদন্তের জন্যে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
