২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পচনশীল পন্য আটকের ১৫ দিনের মধ্যে নিলাম করতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নির্দেশ

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর জব্দকৃত পচনশীল পন্য আটকের ১৫ দিনের মধ্যে নিলামের মাধ্যমে বিক্রি করার জন্য বিভাগীয় টাস্কফোর্স কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2005, 08:24 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

এছাড়া গত বছরের ২৯ জুলাই চট্টগ্রাম বন্দরে আটক করা ২২টি সার বোঝাই ট্রলারের সার এখনও কেন নিলাম করা হয়নি সেজন্য প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপর ক্ষোভ প্রকাশ করেন।

আটককৃত ওই সার নিলামের ব্যাপারে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের নেতৃত্বে একটি কমিটি করে ১০ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য নির্দেশ দেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা কক্ষে প্রতিমন্ত্রীর সভাপতিত্বে শনিবার জাতীয় চোরাচালান প্রতিরোধ কমিটির ৩৫ তম সভায় তিনি একথা বলেন।

তিনি চোরাচালানের মামলাগুলো কার্যকর এবং দ্রুত নিস্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য তাগিদ দেন।

সভায় টাস্কফোর্স কমিটিকে চোরাচালানকৃত পন্যের নিলাম করার ক্ষমতা দেওয়ার ব্যাপারে একমত পোষণ করা হয়।

সভায় প্রস্তাবিত নিলাম সংক্রান্ত টাস্কফোর্স কমিটি গঠন ও এটি যাচাই বাছাইয়ের জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় পণ্য নিলামের সময় আটককারী সংস্থার প্রতিনিধিকে উপস্থিত থাকা, যশোরের বেনাপোল স্থল বন্দরে ওজন পরিমাপক যন্ত্র সার্বক্ষনিক চালু রাখা এবং চট্টগ্রাম বন্দরে কনটেইনার স্ক্যানার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় প্রতিমন্ত্রী সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ কার্যক্রম জোরদার করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব সফররাজ হোসেন, মহা পুলিশ পরিদর্শক, বাংলাদেশ রাইফেলস’র মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।