সিরাজগঞ্জে পাইপ বোমা হামলা : সিনেমা হল মালিক অ্যাসোসিয়েশন অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে
সিরাজগঞ্জের ‘মমতাজ’ সিনেমা হলে বোমা হামলা ও হলের দু’জন কর্মকতাকে আটক করার প্রতিবাদে হল মালিক অ্যাসোসিয়েশন শনিবার রাতে জেলার চারটি সিনেমা হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করেছে।
অ্যাসোসিয়েশন সূত্র জানায়, বন্ধ ঘোষিত সিনেমা হলগুলো হচ্ছে: লক্ষী, মৌসুমী, গোধুলী ও মমতাজ।
পুলিশ এরপরও আটকৃকতদের মুক্তি না দিলে জেলার অন্য উপজেলার সব ক’টি সিনেমা হলই বন্ধ করে দেওয়া হবে বলে অ্যাসোসিয়েশন নেতারা জানিয়েছেন।
এদিকে বোমার আলামত সংগ্রহের জন্য পুলিশ মমতাজ সিনেমা হলটিকে এখনও ঘিরে রেখেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মমতাজ সিনেমা হলের প্রশাসনিক কর্মকর্তা খ ম আখতার ও অপারেটর হাসেম আলীকে তারা জিজ্ঞাসাবাদ অব্যাহ রেখেছে। জেলা জুড়ে চলছে বোমা হামলা নিয়ে চাপা আতংক।
মমতাজ হল কর্তৃপক্ষের ধারণা, আহলে হাদিস সংগঠনের শীর্ষ নেতা গালিব ও তার সহযোগীর রিমান্ড সিরাজগঞ্জে মঞ্জুর হওয়ায় মৌলবাদী জঙ্গীরা ওই নাশকতা ঘটিয়েছে।
পুলিশ সুপার শাহাদাত হোসেন বিডিনিউজকে জানান, সিনেমা হলে ককটেল জাতীয় পাইপ বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে বোমাটি আংশিক বিস্ফোরিত হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমান হয়েছে কম।
শুক্রবার রাত সোয়া ১১টায় মমতাজ সিনেমা হলে ‘বাস্তব’ নামের বাংলা ছায়াছবি চলার সময় কে বা কারা হলের ভেতরে ওই বোমা হামলা চালায়।
