মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৩০
ঢাকা থেকে বরিশালগামী একটি বাস শনিবার সকাল ৮ টার দিকে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার নিমতলা নামক স্থানে ফুটপাতে উঠে গেলে ঘটনাস্থলেই পাঁচ জন নিহত ও ৩০ জন আহত হয়।
নিহতদের মধ্যে ভায়েলা (৭৫) নামের এক মহিলার পরিচয় জানা গেছে। তার ছেলেও আহত হয়েছে।
মারাত্মক আহতদের ঢাকা ও স্থানীয় বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসটি নিমতলা নামক স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের উপরে উঠে গেলে দুর্ঘটনাটি ঘটে। হতাহতরা ফুটপাতে বিভিন্ন কাজে ব্যস্ত ছিল। তবে বাসযাত্রী সকলেই অক্ষত রয়েছে।
পুলিশ বাসটিকে আটক করলেও চালক পলাতক রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঢাকা-মাওয়া মহাসড়কে আধ ঘন্টার মত যান চলাচল বন্ধ ছিল।
