মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি
মনু এবং ধলাই বন্যা নিয়ন্ত্রণ বাধের কয়েকটি স্থানের ফাটল দিয়ে প্রবাহিত পানিতে মৌলভীবাজারের বেশ কয়েকটি এলাকা নতুন করে প্লাবিত হলেও জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটেছে।
জেলার রাজনগর, কমলগঞ্জ এবং কলোরোয়ার প্রায় ৫০ টি গ্রামের লোকজন পানিবন্দী হয়ে পড়েছে এবং জেলার আরও ৪ টি উপজেলার বেশ কয়েকটি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। মনু বাধের আরও ৪০ টি স্থানে ফাটল দেখা দেয়ায় বিভিন্ন এলাকায় নতুন করে পানি প্রবেশে করছে।
হাজার হাজার বন্যা কবলিত লোক এখন ঘরবাড়ি ছেড়ে খোলা আকাশের নীচে আশ্রয় নিয়েছে। বন্যা কবলিত লোকদের অভিযোগ তারা এখনও কোনরকম সাহায্য পায়নি।
এদিকে হঠাৎ করে সৃষ্ট বন্যার ফলে জেলার আউশ এবং আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও বন্যায় অনেক মাছ ভেসে গেছে বলে জেলেরা জানায়।
বন্যা কবলিত এলাকাগুলোতে বিশুদ্ধ পানীয় জলের অভাব রয়েছে। এছাড়া ডায়রিয়া, পাতলা পায়াখানাসহ পানিবাহিত বিভিন্ন রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে।
এদিকে বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে জানানো হয়েছে মৌলভিবাজার জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতির উন্নতি হতে যাচ্ছে। হবিগঞ্জেও বন্যা পরিস্থিতিরও উন্নতি হবে বলে পূর্বাভাস কেন্দ্র থেকে জানানো হয়েছে।
