২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে র‌্যাব-বিডিআর অভিযান: ৫ ভারতীয় বিচ্ছিন্নতাবাদী ও ১ বাংলাদেশী নিহত

দেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অনুপ্রবেশকারী ভারতীয় বিচ্ছিন্নতাবাদী ও তাদের বাংলাদেশী সহযোগীদের সাথে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও বিডিআর-এর যৌথ বাহিনীর ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধে পাঁচ বিচ্ছিন্নতাবাদী ও তাদের এক বাংলাদেশী সহযোগী নিহত হয়েছে।

আবু সুফিয়ান

এবং এসএম সালাহউদ্দিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2005, 07:53 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

জানা গেছে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে দেশের ছয়টি জেলার সীমান্তবর্তী এলাকায় র‌্যাব ও বিডিআর যৌথভাবে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করলে মৌলভীবাজারের কমলগঞ্জে এই হতাহতের ঘটনা ঘটে।

অসমর্থিত সূত্র জানায়, বন্দুকযুদ্ধে পাঁচ জন ভারতীয় বিচ্ছিন্নতাবাদী এবং তাদের এক জন বাংলাদেশী সহযোগী ঘটনাস্থলেই নিহত হয়। যদিও র‌্যাব বা বিডিআর এ ব্যাপারে কোনও বিবৃতি দেয়নি।

অভিযানকালে সন্দেহজনক ১০ জন অস্ত্র চোরাচালানীকেও আটক করা হয় এবং তাদের ঘাঁটি থেকে প্রচুর অস্ত্র, গোলাবারুদ ও গ্রেনেড উদ্ধার করা হয়। এদের মধ্যে আট জনকে কমলগঞ্জের তিনটি উপজেলা থেকে এবং দুই জনকে শেরপুরের ঝিনাইগাতি সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত সন্দেহভাজন অস্ত্র চোরাকারবারীদের মধ্যে পাঁচ জনের পরিচয় পাওয়া গেছে। কমলগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ অবস্থায় আটক তিন জন হলো দেব বর্মা, হামের দেব বর্মা এবং সুনীল দেব বর্মা। আহত সন্ত্রাসী সুনীল দেব বর্মা জানায়, তার বাড়ি ভারতের ত্রিপুরা রাজ্যের মাঝিরছড়া এলাকায়। তার কাছ থেকে ভারতীয় নির্বাচন কমিশনের একটি আইডি কার্ড (এসআর-২০০২১৫৩) উদ্ধার করা হয়।

এলাকাবাসীদের সাথে আলোচনা করে জানা যায়, দীর্ঘ দু বছর ধরে বিচ্ছিন্নতাবাদীরা এই এলাকায় অবস্থান করছিল।

অপরপক্ষে ঝিনাইগাতি এলাকায় আটক দু জন হলো আবদুস সামাদ এবং শামীম। দু জনের মধ্যে সামাদ একজন অস্ত্র চোরাকারবারী এবং শামীম স্থানীয় ছাত্রদল সভাপতি। পরে শামীমকে পুলিশের কাছে সোপর্দ করা হলেও সামাদকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় আনা হয়েছে।

কমলগঞ্জের দুর্গম বনাঞ্চলে সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদীদের গোপন আস্তানায় র‌্যাব-বিডিআর’র অতর্কিত হামলায় একাধিক বিচ্ছিন্নতাবাদী নিহত হয়। সেসময় র‌্যাবের দুই সদস্য গুলিতে আহত হয়। আহত র‌্যাব সদস্যদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম দিনার রশীদ। তিনি হাতে ও পায়ে গুলিবিদ্ধ হন। হেলিকপ্টারযোগে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার ভোরে বন্দুকযুদ্ধের পর এক সংবাদ সম্মেলনে র‌্যাব গোয়েন্দা শাখার পরিচালক লেফটেনেন্ট কর্ণেল গুলজার সাংবাদিকদের জানান, কমলগঞ্জের দুর্গম এলাকায় র‌্যাব অভিযান পরিচালনা করলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি করে। র‌্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে গুলি ছুড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

র‌্যাব ও বিডিআর সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে র‌্যাব ও বিডিআর এর যৌথ বাহিনী একই সঙ্গে রাজশাহী, শেরপুর, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং যশোরে সীমান্তে অভিযান পরিচালনা করে।

সূত্র আরও জানায়, র‌্যাব-এর ৫০০ সদস্য এবং বিডিআর-এর ১০০ সদস্য ঘন্টাব্যাপী পরিচালিত ওই অভিযানে অংশগ্রহণ করে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে র‌্যাব-এর গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্ণেল গুলজার এই অভিযানের সমন্বয় ও তত্ত্বাবধান করেন।

র‌্যাব-এর উচ্চ পদস্থ একাধিক কর্মকর্তা এই অভিযানকে ‘অত্যন্ত সফল’ বলে অভিহিত করেন। তারা বলেন, এক রাতেই সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদীদের একাধিক নেটওয়ার্ক ধ্বংস করতে তারা সফল হয়েছেন।

তারা আরও বলেন, অভিযানকালে বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসীদের অবৈধ অস্ত্রের রুট এবং ব্যবসা কেন্দ্রগুলোও ধ্বংস করা হয়েছে।

সূত্র জানায়, অভিযানের আগে র‌্যাব ও বিভিন্ন গোয়েন্দা দল দুই মাস ধরে সন্ত্রাসী ও তাদের

আস্তানা সম্পর্কে খুঁটিনাটি তথ্য সংগ্রহ করে।