ফেনী সীমান্তে বিএসএফ কর্তৃক অপহৃত যুবক ৫ দিনেও উদ্ধার হয়নি
ফেনী জেলার পরশুরামের বিলোনীয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী’র (বিএসএফ) সদস্যদের হাতে অপহৃত বাংলাদেশের এক যুবক পাঁচ দিনেও উদ্ধার হয়নি। বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এ ব্যাপারে জ্ঞাত নয় বলে শুক্রবার জানিয়েছে।
গ্রামবাসী ও পারিবারিক সূত্র জানায়, গুথুমা গ্রামের সেরাজ মিয়ার ছেলে পিন্টু ফকিরকে (২৮) গত ২৩ মে বিএসএফ সদস্যরা ২১৬৫ সাব পিলারের বাংলাদেশ অংশ থেকে অপহরণ করে নিয়ে যায়। পাঁচ দিনেও সে উদ্ধার না হওয়ায় এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে। পারিবারিক সূত্র জানায়, পিন্টুর বৃদ্ধা মা ও স্ত্রী তাকে উদ্ধারের জন্য বিডিআর কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে।
এ ব্যাপারে বিলোনীয়া বিওপির সুবেদার আব্দুল মান্নানকে বিষয়টি অবহিত করা হলে তিনি এ বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানান।
এলাকাবাসীর অভিযোগ, গুথুমা সীমান্ত দিয়ে কাঠ ও চিনিসহ বিভিন্ন পণ্য বাংলাদেশে প্রবেশ করে। এটা অব্যাহত রাখতেই হয়তো পিন্টুকে উদ্ধারের ব্যাপারে তেমন তৎপরতা নেই।
