ধরলা ব্যারেজ প্রকল্প ২৪ বছর যাবত ফাইলবন্দী
কুড়িগ্রামে পানি উন্নয়ন বিভাগ গৃহীত ‘বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্প’ দীর্ঘ ২৭ বছরেও সাফল্যের মুখ দেখেনি। সেই সঙ্গে ২৪ বছর ধরে ফাইলবন্দী হয়ে আছে ধরলা ব্যারেজ প্রকল্প। ফলে কুড়িগ্রাম শহর আজ হুমকির সম্মুখিন। পাশাপাশি কুড়িগ্রামবাসী ১৯৩ কোটি টাকার অতিরিক্ত ফসল হতে বঞ্চিত হচ্ছে।
১৯৭৩ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নদ-নদীবেষ্টিত কুড়িগ্রামে বন্যা এবং নদীভাঙ্গন রোধ ও সেচ সুবিধা সৃষ্টি করে কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পানি উন্নয়ন বিভাগের মাধ্যমে ‘কুড়িগ্রাম বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্প’ অনুমোদন করেন।
প্রকল্পটি ১৯৮০-৮১ অর্থ বছরের মধ্যে সমাপ্ত করার সময়সীমা নির্ধারণ করে ব্যয় বরাদ্দ করা হয় ৩৬ কোটি ৫৪ লাখ টাকা। এই প্রকল্পের আওতায় ছিলো ১৮৩ কি.মি. দীর্ঘ বাঁধ, ২৩টি রেগুলেটর, ২৫৪ কি.মি সেচ খাল খনন এবং খালের ওপর ৯৩টি সেতু নির্মাণ। এতে ২ লাখ ৫১ হাজার একর জমি বন্যা কিংবা জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পেত। আর প্রত্যক্ষ সেচের আওতায় আসতো আরও ২ লাখ একর জমি। ফলে এই জেলায় প্রতি বছর অতিরিক্ত প্রায় ১শ’ ৯৩ কোটি টাকার ফসল ফলত।
এই লক্ষ্যমাত্রা নিয়ে প্রকল্পটি বাস্তবায়নের কাজ এগুতে শুরু করে। কিন্তু এই কাজের গতি সৃষ্টি না হতেই ১৯৭৫ সালে প্রকল্পটির কাজ অর্থাভাবে বন্ধ হয়ে যায়। ফলে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্প কাজ ১০ ভাগও সমাপ্ত হয়নি।
পরবর্তীতে ১৯৮০-৮১ অর্থ বছরে এইচ ২০ লোডিং সম্পন্ন দুই লেন বিশিষ্ট হাইওয়ে ব্রীজ নির্মাণসহ প্রায় ১৮১ কোটি টাকা ব্যয় সাপেক্ষে ‘ধরলা ব্যারেজ’ প্রকল্পটি কুড়িগ্রাম বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্পের সাথে যুক্ত করা হয়। এ সময় পানি উন্নয়ন বিভাগ সম্পূর্ণ প্রকল্পটির ব্যয় ৫শ’ ৮৬ কোটি ২৪ লাখ টাকা পুনঃর্নির্ধারণ করে। এই লক্ষ্যে ১৯৮০ সালের নভেম্বর মাসে পাউবো কুড়িগ্রামে ‘ব্যারেজ ডিভিশন’ নামে একটি দফতর স্থাপন করে। ১৯৮১ সালের ১৫ জানুয়ারী তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই প্রকল্পের আওতায় ‘ধরলা ব্যারেজ’ এর ভিত্তি স্থাপন করেন।
ব্যারেজ উদ্বোধনের কিছুদিন পর জিয়াউর রহমানের মৃত্যুর পর প্রকল্পটি আবার ফাইলবন্দী হয়ে পড়ে। ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে স্থানীয় গহর পার্ক ময়দানে অনুষ্ঠিত এক জনসভায় খালেদা জিয়া তার স্বামীর দেয়া ‘ধরলা ব্যারেজ’সহ সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দেন। এরই প্রেক্ষিতে পরবর্তিতে প্রকল্পটি বস্তবায়নে মঞ্জুরি আসে বাংলাদেশ সরকার প্রদত্ত বৈদেশিক সাহায্যসহ ৮৬ কোটি টাকা। এই টাকায় ১৭৯ কি.মি বাঁধ , ১৪৫ কি.মি সেচ খাল খনন , ১ থেকে ৫ ভেন্টের ১৭টি সুইচ গেট এবং সেচ খালের ওপর ১২টি সেতু নির্মিত হয়।
এছাড়া ১৯৯১-৯২ অর্থ বছরে এফডিআর-এর আওতায় প্রকল্প বরাদ্দ আসে ৪ কোটি ৫২ লাখ টাকা। এর প্রায় সবটাই ব্যয় হয় সংরক্ষণ ও মেরামত কাজে। এর মধ্যে জয়কুমার বাধ নির্মাণ, ব্লক তৈরি ও ডাম্পিং ইত্যাদি বাবদ ১ কোটি ৬৮ লাখ ২৪ হাজার টাকা , বিদ্যানন্দ ও মোগলবাসা নদীর তীর রক্ষায় ৮৯ লাখ ৫৫ হাজার টাকা, কুড়িগ্রাম শহর রক্ষায় ১কোটি টাকা, কিশোরপুর ও চিলমারী রেগুলেটর রক্ষা ও মেরামত বাবদ ৬৭ লাখ ৫৪ হাজার টাকা , বামনী ও মাগুরা বিলে দুটি রেগুলেটর পুনর্নির্মাণে ৯ লাখ ৪২ হাজার টাকা এবং হোলখানা বাঁধ পুনঃনির্মানে ১৭ লাখ টাকা ব্যয় করা হয়।
১৯৯২-৯৩ অর্থ বছরে কুড়িগ্রাম শহরকে ধরলা নদীর ভাঙ্গন হতে রক্ষাকল্পে এডিবি সাহায়্যপুষ্ট ‘সেকেন্ডারি টাউন ইন্টিগ্রেটেড ফা¬ড প্রটেকশন প্রকল্প’র আওতায় ২০কোটি ৫৮ লাখ ৯৭ হাজার টাকা ব্যয়ে ২টি গ্রোয়েন নির্মাণ , ৫৪০ মি. তীর প্রতিরক্ষা কাজ, ৫৭৪ মি. ক্রসবার নির্মাণ, ২টি গ্রোয়েন/স্পার মেরামত কাজ শেষ হলেও ৯৭ সালের বন্যায় হেমের কুটিতে কুড়িগ্রাম শহর রক্ষাবাঁধের প্রায় ৫০০ মি. নদীগর্ভে বিলীন হয়ে যায়। সেই সঙ্গে বন্যার পানি শহরের নিম্নাঞ্চল প্লাবিত করে।
নদী ভাঙ্গান রোধ ও বন্যা নিয়ন্ত্রণকল্পে কাজগুলো আংশিকভাবে করা হলেও ব্যারেজের কোনও কাজ আদৌ শুরু হয়নি। মূলত ব্যারেজ প্রকল্পটি স্থানীয়ভাবে ফাইলবন্দী হয়ে যায়। কুড়িগ্রামে স্থাপিত ব্যারেজ ডিভিশন তুলে দিয়ে পানি উন্নয়ন বিভাগ-২ এ রুপান্তরিত করা হয়। ১৯৮৯ সালে জাইকা একটি সমীক্ষা চালিয়ে বিকল্প হিসেবে ভুরুঙ্গমারী থানার পাটেশ্বরীতে একটি ‘পাম্পিং প্লান্ট’ স্থাপনের প্রস্তাব দেয়। এই প্লান্টের আওতায় দুধকুমোর নদী থেকে পানি পাম্প করে সেচ খালের মাধ্যমে সরবরাহের পরিকল্পনা প্রণীত হলেও এরও কোন অগ্রগতি হয়নি। এদিকে সেচের জন্য খননকৃত খালগুলো দীর্ঘদিন ধরে ব্যবহৃত না হওয়ায় তা ভরাট হয়ে উঠছে। ফলে এটি কার্যকারিতা হারিয়ে ফেলছে।
কার্যত পানি উন্নয়ন বিভাগের ব্যারেজসহ কুড়িগ্রাম বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্পটি দুটি জোনে বিভক্ত। একটি উত্তর জোন অপরটি দক্ষিণ জোন। তিস্তা, ব্রক্ষ্রপুত্র, দুধকুমোর এবং ধরলা এই চারটি নদ-নদীর এলাকা এ প্রকল্পের আওতাভুক্ত। ধরলা নদীর উত্তর দিক নিয়ে উত্তর জোন কুড়িগ্রাম পানি উন্নায়ন বিভাগ-২ এর অধীন এবং দক্ষিণ জোন কুড়িগ্রাম পানি উন্নয়ন বিভাগ-১ এর অধীন। নদ-নদীগুলোর উৎস মুখ উত্তরে। এদিক খেকে প্রকল্পটি বাস্তবায়নের অগ্রাধিকার উত্তর জোনের। কিন্তু এ পর্যন্ত যতটুকু কাজ হয়েছে তার অধিকাংশই হয়েছে দক্ষিণ জোনে। দক্ষিণ জোনে কাজের অগ্রগতি শতকরা প্রায় ৬০ ভাগ, পাশাপাশি উত্তর জোনে কাজ হয়েছে শতকরা প্রায় ২০ ভাগ। এ অবস্থায় উত্তর জোন কুড়িগ্রাম পানি উন্নয়ন বিভাগ-২ তুলে নেয়া হয়েছে।
