বাংলাদেশ বেতার এফএম ব্যান্ডে ট্রাফিক চ্যানেল চালু করেছে
নগরীর ট্রাফিক সংক্রান্ত তথ্য প্রদানের লক্ষ্যে বৃহস্পতিবার থেকে বাংলাদেশ বেতার ট্রাফিক চ্যানেল চালু করেছে।
বেতারের নগরস্থ শের-ই-বাংলা কার্যালয়ে এই উপলক্ষ্যে এক অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তথ্য মন্ত্রী এম শামসুল ইসলাম চ্যানেলটি উদ্বোধন করেন।
এফএম ব্যান্ডের ১০৩ মেগা হার্জে সকাল সাড়ে ৭টা হতে সাড়ে ১১টা পর্যন্ত এবং বিকাল সাড়ে ৩টা হতে সাড়ে ৭টা পর্যন্ত দু বেলা এই চ্যানেল সম্প্রচার করা হবে।
বেতার কর্তৃপক্ষ জানায়, চালকদের ট্রাফিক আইন ও যানজটের স্থান সম্পর্কে সচেতন করাই হচ্ছে এই চ্যানেলের উদ্দেশ্য।
চ্যানেলটি এখন পরীক্ষামূলকভাবে চালু হলেও অচিরেই তা পুরোপুরি সম্প্রচারের কাজ শুরু করবে।
তথ্যমন্ত্রী জানান, এই সেবা নগরের যানজট ও দুর্ঘটনা রোধে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকরা প্রতিটি যানবাহন চলাচলের সময় বেতার সাথে রাখার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন।
বাংলাদেশ বেতার এই উপলক্ষ্যে ৫ কিলোওয়াট এফএম ট্রান্সমিটার স্থাপনসহ প্রয়োজনীয় ব্যবস্থা ইতোমধ্যে সম্পন্ন করেছে। এছাড়াও দেশব্যাপী বেতার ট্রাফিক চ্যানেল কার্যক্রম ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণের সীদ্ধান্ত গৃহিত হয়েছে।
বাংলাদেশ বেতারের মহাপরিচালক নাজমুল আহসান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য সচিব ড. মাহবুবুর রহমান, যোগাযোগ সচিব সাইফুল ইসলাম, বিআরটিসি চেয়ারম্যান তৈমুর আলম খন্দকার এবং ডিসি ট্রাফিক (দক্ষিণ) আনসার উদ্দিন খান পাঠান।
