গাজীপুরে ইন্টারনেট সংযোগ সমৃদ্ধ কম্পিউটার সেন্টার উদ্বোধন করলেন হ্যারি কে টমাস
ডিজিটাল যোগাযোগ প্রযুক্তির প্রসার এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইন্টারনেটের মাধ্যমে তথ্য মহাসড়কের সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যে গাজীপুরে রানী বিলাসমনি সরকারি উচ্চবিদ্যালয়ে আন্তর্জাতিক একটি স্বেচ্ছাসেবী সংস্থা কম্পিউটার সেন্টার স্থাপন করেছে।
মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস বৃহস্পতিবার উপস্থিত কয়েক শ’ শিক্ষার্থীর করতালির মধ্য দিয়ে ওই কম্পিউটার সেন্টারের উদ্বোধন করেন। শিক্ষার্থীরা এই কম্পিউটার সেন্টারের মাধ্যমে প্রতিদিন আট ঘণ্টা সরাসরি ইন্টারনেট সুবিধা পাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে হ্যারি কে টমাস বলেন, এখন থেকে এ এলাকার শিক্ষার্থীরা কয়েক হাজার মাইল দূরের শিক্ষার্থীদের সাথে বন্ধুত্ব গড়ে তুলতে পারবে এবং তারা কীভাবে তাদের স্কুলে শিক্ষা লাভ করছে তাও জানতে পারবে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুদানে রিলিফ ইন্টারন্যাশনাল নামে যুক্তরাষ্ট্রের একটি স্বেচ্ছাসেবী সংস্থা আটটি কম্পিউটার নিয়ে এই কম্পিউটার সেন্টারটি প্রতিষ্ঠা করেছে। সবগুলো কম্পিউটারেই রয়েছে ইন্টারনেট সংযোগ।
রানী বিলাসমনি স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী মুকিত আনিস বলেন, বিনামূল্যের ইন্টারনেট সুবিধা আমাদের সামনে এক অজানার দুয়ার খুলে দিয়েছে এবং এতে করে আমরা আমাদের পাঠ্যসূচির বাইরেও অনেক কিছু শিখতে পারব।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আতাউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর জ্যাক ওয়েলচ, গাজীপুরের সিনিয়র শিক্ষক নূরুল ইসলাম এবং ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার কবির উদ্দিন।
বিডিনিউজ-এর সাথে আলাপকালে রিলিফ ইন্টারন্যাশনালের স্কুলস অনলাইন এডুকেশন অফিসার হিদার কাইন্ডসি বলেন, সংস্থাটি এ নিয়ে ছয়টি বিদ্যালয়ে কম্পিউটার সেন্টার চালু করেছে। অন্য কম্পিউটার সেন্টারগুলো স্থাপন করা হয়েছে যশোর, কুমিল্লা ও টঙ্গীর কয়েকটি স্কুলে।
রিলিফ ইন্টারন্যাশনাল তহবিল প্রাপ্তি সাপেক্ষে সারা দেশে এ ধরনের কম্পিউটার সেন্টার চালু করার পরিকল্পনা নিয়েছে।
