এমসিএ তহবিলের জন্য বাংলাদেশকে মার্কিন সরকারের মানদণ্ডে উন্নীত হতে হবে: হ্যারি কে টমাস
মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস বলেছেন, মিলেনিয়াম চ্যালেঞ্জ একাউন্টে (এমসিএ) অন্তর্ভুক্ত হওয়ার জন্য বাংলাদেশকে মার্কিন সরকারের বেঁধে দেওয়া সর রকমের মানদণ্ডে উন্নীত হতে হবে।
গাজীপুরে এক উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশ এমসিএ তহবিলের অন্তর্ভুক্ত হবে কিনা তা নির্ভর করছে মার্কিন প্রশাসনের ওপর। তবে বাংলাদেশ যাতে তহবিল পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারে সেজন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে।
ওয়াশিংটন ডিসিতে মার্কিন কংগ্রেসে বুধবার ব্রিফিংকালে কংগ্রেস নেতারা বাংলাদেশকে এমসিএ’র অন্তর্ভুক্ত করে নেওয়ার জন্য যে জোর সুপারিশ রেখেছেন সে ব্যাপারে মার্কিন রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এজন্য আমরা যে পরামর্শ দিয়েছি বাংলাদেশকে সে অনুযায়ী কাজ করতে হবে।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ককাসের প্রেসিডেন্ট কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলি বিভিন্ন খাতে বাংলাদেশের অর্জন তুলে ধরে মন্তব্য করেন, বাংলাদেশ উন্নয়ন তহবিল বাস্তবায়নে ইতোমধ্যে তাদের সামর্থের প্রমাণ রেখেছে। বাংলাদেশকে এমসিএ সহায়তা কর্মসূচির অন্তর্ভুক্ত করার ব্যাপারে তিনি জোর সুপারিশ করেন।
বাংলাদেশকে এমসিএ’র অন্তর্ভুক্ত করা হলে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তার পরিমাণ এক বছরে দ্বিগুণ হবে। সুশাসন, বাজার সংস্কার এবং সামাজিক কর্মসূচির ক্ষেত্রে সফলতা অর্জনকারী দেশগুলোকে সাহায্য করার জন্য গত ২০০২ সালে মার্কিন বুশ প্রশাসন এ তহবিল চালু করে।
গত ১২ মে দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন পররাষ্ট্র মন্ত্রী ক্রিশ্চিনা রোকার সাথে এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান বাংলাদেশকে এমসিএ’র অন্তর্ভুক্তর করার জন্য ওয়াশিংটনের প্রতি অনুরোধ জানান। রোকা’র সাথে বৈঠকের পর মোর্শেদ খান বলেন, চূড়ান্ত পর্যায় পর্যন্ত বাংলাদেশকে এমসিএ’র অন্তর্ভুক্তির তালিকায় রাখার ব্যাপারে ওয়াশিংটনের কাছে অনুরোধ রাখা হয়েছে, যাতে বাংলাদেশ পরবর্তী অগ্রাধিকার পেতে পারে।
ওই বৈঠকে ক্রিশ্চিনা রোকা জানান, এমসিএ’র অন্তর্ভুক্ত হওয়া প্রত্যেক দেশের জন্য অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ। বাংলাদেশকেও এ ব্যাপারে যথেষ্ট শক্তিশালী প্রতিযোগী হতে হবে। দুর্নীতি দমন কমিশনকে কার্যকর করলে বাংলাদেশকে এমসিএ’র উপযুক্ত দেশ হিসেবে ধরা হবে।
এমসিএ’র অধীনে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ যুক্তরাষ্ট্রের মূল উন্নয়ন সহযোগিতার পরিমাণ ৫০ শতাংশ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। এর ফলে ২০০৬ সালের মধ্যে সাহায্যের পরিমান পাঁচ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়াবে। যেসব দেশে শাসন ব্যবস্থা যথাযথভাবে পরিচালিত হচ্ছে এবং বিনিয়োগ ও মুক্ত অর্থনীতিকে উৎসাহিত করা হয় সেসব দেশকে এ সহায়তা প্রদান করা হবে।
এমসিএ’র ক্ষেত্রে দুর্নীতিকে বাংলাদেশের জন্য প্রধান বাঁধা হিসেবে চিহ্নিত করেছিলেন রোকা। রোকার সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে হ্যারি কে টমাস সাংবাদিকদের বলেন, আমি আমার ঊর্ধ্বতনের সাথে দ্বিমত পোষণ করতে পারি না।
