বেনাপোল বন্দর দিয়ে ভারতে মাছ জাতীয় সব ধরণের পণ্য রফতানি বন্ধ
যশোরের বেনাপোল স্থল বন্দর দিয়ে গত ১৬ মে থেকে ভারতে ইলিশসহ সব ধরনের মাছ রফতানি বন্ধ রয়েছে। ভারতের কেন্দ্রীয় পশুপালন দফতর নির্দেশ দিয়েছে এই বন্দর দিয়ে মাছ জাতীয় পণ্য আমদানি করা যাবে না।
দিল্লির কৃষি ভবন থেকে কেন্দ্রীয় পশুপালন দফতরের সহকারী কমিশনার আর কে গুপ্ত কলকাতার আনন্দবাজার পত্রিকাকে জানান, আমাদের পক্ষে পেট্রাপোলে একটা নতুন ‘অ্যানিম্যাল কোয়ারেন্টাইন অ্যান্ড সার্টিফিকেশন অফিস’ তৈরি করা সম্ভব নয়। ইলিশ আমদানি করতে চাইলে দিল্লি, মুম্বাই, চেন্নাই বা কলকাতা বিমান বা সমুদ্র বন্দর দিয়েই আনতে হবে। তাতে যদি ইলিশ আমদানি বন্ধ হয়ে যায়, আমাদের কিছু করার নেই।’
২০০১ সালের জুলাই মাসে ভারতের কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয় এক নির্দেশে উল্লেখ করে, বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে আমদানি করতে গেলে প্রতি লরির জন্য কেন্দ্রীয় পশুপালন বিভাগের কলকাতার আঞ্চলিক অফিস থেকে আমদানি ছাড়পত্র নিতে হবে।
এ নিয়ে ২০০৪ সাল পর্যন্ত তেমন কোন সমস্যা হয়নি। চলতি বছরের জানুয়ারি থেকে দেখা দেয় সমস্যা। মাছ রফতানিকারকরা জানান, গত ১৬ মে থেকে কলকাতা বিমানবন্দরে কেন্দ্রীয় পশু পালন বিভাগের আঞ্চলিক অফিস কোন ছাড়পত্রই দিচ্ছেনা। ইলিশ রফতানি বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশের রফতানিকারকগণ হতাশ হয়ে পড়েছেন।
গত এক যুগ ধরে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ইলিশ রফতানি হচ্ছে প্রধানত বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়েই। ব্যবসায়ীরা জানান, ইলিশের মৌসুমে দিনে ১০ থেকে ১৫ লরি (প্রতি লরি চার টন) মাছ বেনাপোল বন্দর দিয়ে পশ্চিমবঙ্গের বাজারে প্রবেশ করে। শুধু ইলিশই নয়, এই সীমান্ত দিয়ে ট্যাংরা, পারসে, ভেটকি, বোয়াল, বড় গজার সহ বিভিন্ন প্রজাতির মাছ রফতানি হয়ে আসছিল।
কলকাতাস্থ বাংলাদেশী দূতাবাসের প্রথম সচিব শাকিল আহমেদ বিশ্বাস সম্প্রতি সেখানকার সাংবাদিকদের জানান, গত ছয় মাসে বাংলাদেশ ৮৫ লক্ষ ডলারের বেশি মূল্যের মাছ ভারতে রফতানি করেছে। এর বেশির ভাগই বেনাপোল সীমান্ত দিয়ে পেট্রাপোলে ঢুকেছে।
এপ্রিল ও মে মাসে ভারতে বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ। কিছুদিন পরই পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান উৎসব জামাইষষ্ঠি। এ উৎসবের সময়ে ইলিশের যে বড় বাজার, তা ইতোমধ্যে হাতছাড়া হতে চলেছে।
এদিকে বাংলাদেশ থেকে ইলিশ আমদানি বন্ধ হওয়ায় পশ্চিমবঙ্গে মাছের আকাল সৃষ্টি হয়েছে-একথা স্বীকার করে পশ্চিমবঙ্গের মৎস্য মন্ত্রী কিরণময় নন্দ আনন্দবাজার পত্রিকাকে বলেন,‘ আমরাই তো প্রথম বাংলাদেশ থেকে ইলিশ আমদানি শুরু করেছিলাম। কিন্তু কেন্দ্র মাছ আমদানি বেসরকারি হাতে দিয়ে দিল। আমরা সরে গেলাম।’ সাংবাদিকদের তিনি বলেন, নির্দিষ্ট প্রস্তাব পেলে তিনি এ ব্যাপারে কেন্দ্রের সাথে কথা বলবেন।
