২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনায় বন্যা পরিস্থিতির অবনতির আশংকা

অতিবৃষ্টি ও সীমান্ত এলাকা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট আগাম বন্যায় বুধবার আরও নতুন এলাকা প্লাবিত হয়েছে এবং এতে সর্বোপরি মৌলভীবাজার বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2005, 09:20 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

অন্যদিকে, কমলগঞ্জের ইসলামপুর ও আদমপুর ইউনিয়নে বন্যার পানিতে ডুবে এক কিশোরীসহ দু’জন নিহত হয়েছে এবং জেলার প্রায় দুইলক্ষ মানুষ পানি বন্দি রয়েছে।

হলো জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপজেলা রাজনগর ও কমলগঞ্জ। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে।

সদর উপজেলার উপজেলা কমপ্লেক্সের পাশে মনু বাঁধে বেশ কয়েকটি ফাটল দেখা দিয়েছে। বাধের ২৫টি নতুন ও পুরাতন ফাটল দিয়ে পানি প্রবেশ করছে।

অন্যদিকে, টানা পাঁচ দিনের অবিরাম বর্ষণে হবিগঞ্জের পাঁচ উপজেলার ১৩টি ইউনিয়ন বন্যা কবলিত হয়ে পড়েছে। এ সব ইউনিয়নের প্রায় শতাধিক গ্রামের লোকজন দুর্ভোগ পোহাচ্ছে। কৃষি অফিস সূত্র জানায়, কোনও কোনও এলাকায় আউশ ধানের বীজতলা পানিতে তলিয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী একেএম মোয়াজ্জেম হোসেন জানান, খোয়াই নদীর শহর প্রতিরক্ষা বাঁধের ১৪টি স্থানকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিরোধী দলীয় চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহিদ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি ত্রাণ ও ভিজিএফ কার্ড বিতরণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তিনি পানি বন্দি মানুষের দুর্দশা লাঘবে কোনও পদক্ষেপ না নেওয়ায় তিনি স্থানীয় প্রশাসনের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন।

আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার আবহাওয়া পূর্বভাস ও স্যাটেলাইটে প্রাপ্ত ছবি থেকে ধারণা করা হচ্ছে, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা জেলায় ভারি বৃষ্টিপাতের কারণে বিরাজমান আগাম বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

বন্যা পূর্বভাস ও সতর্কীকরণ কেন্দ্রের (এফএফডব্লিউসি) মতে, গত কয়েকদিন ধরে দেশের উত্তরাঞ্চল ও পাশ্ববর্তী ভারতের কয়েকটি অঞ্চলে টানা বর্ষণে মেঘনা অববাহিকায় মনু, খোয়াই ও ধলাই নদীর পানি উলে¬খযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

যদিও শুধুমাত্র মনু, খোয়াই ও ধলাই নদীর পানি পাঁচ পয়েন্টে বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে, বুধবার সোমেশ্বরি ছাড়া মেঘনা অববাহিকার অন্যান্য নদীর পানিও অনেক বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ পূর্বাঞ্চলে পাহাড়ি অববাহিকার নদীর পানি আরও বাড়তে পারে বলে জানা গেছে।

মনু রেলওয়ে সেতুর নিচে মনু নদীর পানি বিপদ সীমার ১৪০ সেন্টিমিটার ওপর দিয়ে এবং মৌলভীবাজারে ৮৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অন্যদিকে, খোয়াই নদী বাল্লা এলাকায় বিপদ সীমার ২৩ সেন্টিমিটার এবং হবিগঞ্জে ১৯১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কমলগঞ্জে ধলাই নদী বিপদ সীমার ৬৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অন্যদিকে, ব্রক্ষ্মপুত্র ও যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ছাড়া সকল পয়েন্টে বৃদ্ধি পেয়েছে। গঙ্গা ও পদ্মার পানি উজানের বিভিন্ন পয়েন্টে কমে গেছে। অববাহিকাঞ্চলে এ দুই নদীর পানি সকল পয়েন্টে বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সর্বোপরি, পর্যবেক্ষণরত ৬৮টি পয়েন্টের মধ্যে ৪১টি পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে। ১৮টি পয়েন্টে পানি নেমে গেছে। দুটি পয়েন্টে পানি অপরিবর্তিত রয়েছে এবং পাঁচটি পয়েন্টে পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এফএফডব্লিউসি জানায়, গত ২৪ ঘন্টায় বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে ভারি বর্ষণ এবং মেঘনা অববাহিকার কোনও কোনও অঞ্চলে ভারি বর্ষণ হতে পারে। ব্রক্ষ্মপুত্র ও দক্ষিণ পূর্ব পাহাড়ি অববাহিকার কোনও কোনও স্থানে ভারি বর্ষণ হতে পারে। গঙ্গা অববাহিকার কয়েক জায়গায় পানি সামান্য কমছে বলে রেকর্ড করা হয়েছে।

এ সময়ে সিলেটের শ্যাওলা এলাকায় ১৭৫ মিলিমিটার, হবিগঞ্জে ১০০ মিলিমিটার, ভৈরব বাজারে ৯৬ মিলিমিটার, বান্দরবানে ৬৪ মিলিমিটার, নকুয়াগাঁওয়ে ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।