পৃথক দুর্ঘটনায় সারাদেশে পুলিশ কনষ্টেবলসহ নিহত ৪ আহত ২০
সারাদেশে পৃথক দুর্ঘটনায় চারজন নিহত এবং ২০ জন আহত হয়েছে। সূত্র জানায়,গাজীপুর সদর উপজেলার পুবাইলে ট্রেনের ধাক্কায় মঙ্গলবার রাতে খন্দকার রফিকুল ইসলাম (৪০) নামে এক পুলিশ কনষ্টেবল নিহত হয়।
থানা সূত্র জানায়, মঙ্গলবার রাত ৯ টার দিকে পুবাইল রেল ক্রসিং পারাপারের সময় চলন্ত একটি ট্রেন জয়দেবপুর থানার কনষ্টেবল (কংনং-৫৭৩) রফিকুল ইসলামকে ধাক্কা দিলে সে রাস্তার পাশে ছিটকে পড়ে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাজীপুর পুলিশ লাইনে বাদ আছর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
অপর ঘটনায় ফরিদপুরের মধুখালি উপজেলার ঘোপঘাট এলাকায় বুধবার দুপুরে একটি বিআরটিসি বাস (ঢাকা মেট্রো-ব-১১-২৩৬৮) ও একটি পিকআপ ভ্যানের (ট-১১-০২৫৬) মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও আরও ২০ জন আহত হয়।
নিহতদের পরিচয় পাওয়া যায় নি।
আহতদের মধুখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।
অন্যদিকে ফরিদপুরের গোয়ালচামট এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় এক ব্যবসায়ীর বাড়ির ছাদ থেকে পড়ে আমেনা বেগম (১৫) নামে এক গ্রহপরিচারিকা নিহত হয়েছে।
সূত্র জানায, বাড়ির ছাদ থেকে কাপড় আনতে গিয়ে পা পিছলে ছাদের কার্ণিশ থেকে নিচে পড়ে যায়। গুরুতর আহতাবস্থায় তাকে একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু ঘটে। এ ব্যাপারে কোতোয়ালি থানায় ইউডি মামলা হয়েছে। লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।
