দ্রুত বিচার ট্রাইব্যুনালে রাজশাহীতে দু’জনের ও যশোরে এক মহিলার যাবজ্জীবন কারাদণ্ড
রাজশাহীতে দ্রুত বিচার ট্রাইব্যুনালে দু’জনের ও যশোরে শিশু পাচার মামলায় এক মহিলার যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রাজশাহী প্রতিনিধি জানায়, রাজশাহী বিভাগীয় দ্রত বিচার ট্রাইব্যুনালের বিচারক এএফএম আমিনুল ইসলাম পাবনা জেলার মোহাম্মদ আলী হত্যা মামলার রায়ে বুধবার দু জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন জামাল শেখ ও আক্তার শেখ। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্যান্য আসামী আকমল শেখ, মোচন শেখ, হযরত শেখ ও সাত্তার শেখকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ৬ জুন পাবনার বেড়া থানার সিন্দুরী গ্রামের মোহাম্মদ আলির কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে না পেয়ে আসামীরা তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। গত মাসে মামলাটি পাবনা জেলা ও দায়রা জজ আদালত থেকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাাল পিপি কেতাবুদ্দিন।
যশোর প্রতিনিধি জানায়, যশোরের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এমডি নূর মোহাম্মদ মোড়ল বুধবার শিশু পাচার মামলায় নাছিমা খাতুন ওরফে পারুল নামে এক মহিলাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। তবে দণ্ডপ্রাপ্ত পারুল এখনও পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ফেব্রুয়ারি মাসে যশোরের ঝিকরগাছো উপজেলার কৃষ্ণনগর গ্রামের জনৈক লাল্টু হোসেনের পুত্র আবু সাঈদ শামিম প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়ে যায়।
২০০২ সালের ২১ মার্চ শামিমের পিতা বাদী হয়ে ঝিকরগাছা থানায় নাছিমা খাতুনসহ ৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে।
রায়ে অপর দু জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস প্রদান করা হয়।
