২০০৫-০৬ অর্থবছরের জন্য ২৪,৫০০ কোটি টাকার এডিপি অনুমোদিত
জাতীয় অর্থনৈতিক কাউন্সিল (এনইসি) বুধবার ২০০৫-০৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য ২৪ হাজার ৫০০ কোটি টাকা অনুমোদন করেছে। ২০০৪-০৫ অর্থ বছরের তুলনায় এ বরাদ্দ ১৯ দশমিক ৫১ শতাংশ বেশি।
নতুন বাৎসরিক উন্নয়ন কর্মসূচির এ বরাদ্দের ৫২ শতাংশ অভ্যন্তরীণ সম্পদ থেকে ব্যয় করা হবে। বাকী ৪৮ শতাংশ আসবে বৈদেশিক অর্থায়ন থেকে।
এছাড়াও সরকার ২০০৪-০৫ অর্থবছরের ২০ হাজার ৫০০ কোটি টাকার সম্পূরক বাজেটও অনুমোদন করেছে।
প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এনইসি সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিববর্গ উপস্থিত ছিলেন।
সভা শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান জানান, ২০০৫-০৬ অর্থ বছরের এডিপিতে মোট ৮শ’৫৬টি প্রকল্প অন্তর্ভূক্ত করা হয়েছে। এরমধ্যে ৭১২টি বিনিয়োগ প্রকল্প এবং ১৪৪টি কারিগরি সহায়তামূলক প্রকল্প।
অর্থমন্ত্রীর ব্যাখ্যায়, ৬৮টি উন্নয়ন প্রকল্পের অন্তর্ভূক্তির পর মোট এডিপি দাঁড়াবে ২৫ হাজার ২ শ’ ৯০ কোটি টাকা।
আগামী অর্থবছরের ২৪ হাজার ৫ শ’ টাকা এডিপি’র মধ্যে ১৭ হাজার কোটি টাকা স্থানীয় মুদ্রায় এবং ৭ হাজার ৫শ’ কোটি টাকা থাকবে প্রকল্প সাহায্য হিসেবে বিদেশী মুদ্রায়।
এবারের বার্ষিক উন্নযন কর্মসূচির প্রধান ৫টি অগ্রাধিকার প্রাপ্ত খাতের মধ্যে ৩২৯৭ কোটি টাকা (১৩ দশমিক ৪৬ শতাংশ) বরাদ্দ নিয়ে শীর্ষে রয়েছে হচ্ছে শিক্ষা ও ধর্ম খাত। ৩১২০ কোটি টাকা (১২ দশমিক ৭৩ শতাংশ) বরাদ্দ নিয়ে দ্বিতীয় শীর্ষে রয়েছে বিদ্যুৎ খাত। এছাড়া ২৯৯৬ কোটি টাকা (১২ দশমিক ২৩ শতাংশ) বরাদ্দ নিয়ে পল্লী উন্নয়ন খাত তৃতীয়, ২৯৯০ কোটি টাকা (১২ দমমিক ২০ শতাংশ) বরাদ্দ নিয়ে পরিবহণ খাত চতুর্থ এবং ২২৬৯ কোটি টাকা (৯ দশমিক ২৬ শতাংশ) বরাদ্দ নিয়ে স্বাস্থ্য খাত পঞ্চম অবস্থানে রয়েছে।
এ অর্থবছরে কৃষিখাতে বরাদ্দ দেয়া হয়েছে ১৬২৫ কোটি টাকা। ২০০৪-০৫ অর্থবছরে কৃষিখাতে বরাদ্দ ছিলো ৬৪৪ কোটি টাকা।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এম সাইফুর রহমান বলেন, এবারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে দারিদ্র এবং ক্ষুধা নিরসন, সবার জন্য শিক্ষা নিশ্চিত করা এবং শিশু ও মাতৃমুত্যু হার কমানো।
অর্থমন্ত্রী আশা প্রকাশ করেনএডিপি বাস্তবায়নের মাধ্যমে দেশের জনগণের জীবনযাপনের মান উন্নত করা সম্ভব হবে।
এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এবারের এডিপি পুরোপুরি বাস্তবসম্মত, মোটেই উচ্চাশাপ্রসূত নয়। তিনি বলেন, এটা নির্বাচনভিত্তিক নয়, সম্পূর্ণ গণমুখী বরাদ্দ।
