২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সরকারি আইনজীবী নিয়োগের উদ্যোগ নেয়া হবে: আইন মন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ফৌজদারী মামলার সুষ্ঠু নিষ্পত্তির লক্ষ্যে পাবলিক প্রসিকিউশন ব্যবস্থাকে স্থায়ী রূপ দেওয়া হবে। বর্তমান প্রথা অনুযায়ী রাজনৈতিক নিয়োগ না দিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সরকারি আইনজীবী নিয়োগের উদ্যোগ নেয়া হবে। ধীরে ধীরে এটি পৃথক ক্যাডার সার্ভিসে পরিণত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2005, 05:48 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

সরকারী অ্যাটর্নী সার্ভিস সংক্রান্ত দু’দিনব্যাপী মতবিনিময় সভার উদ্বোধনী অধিবেশনে বুধবার প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। সিডার সহযোগিতায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সভার আয়োজন করে।

আইন সচিব আলাউদ্দিন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত ডেভিড স্ক্রাউল এবং সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান মোস্তফা কামাল।

আইনমন্ত্রী বলেন, বর্তমানে রাজনৈতিকভাবে সরকারের আইন কর্মকর্তা নিয়োগ দেওয়ার ফলে মামলা পরিচালনার ধারাবাহিকতা ব্যাহত হয়। আইন কর্মকর্তাদের মাঝেও জবাবদিহিতা, একাগ্রতা ও দক্ষতার ঘাটতি থাকার সম্ভাবনা থাকে। ফলে শতকরা ৭৩ ভাগেরও বেশি মামলা খালাস হয়ে যায়। এ পরিস্থিতি উত্তরণে মেধার ভিত্তিতে জবাবদিহিমূলক ও প্রশিক্ষিত আইনকর্মকর্তা নিয়োগ দেওয়ার জন্যে সরকার বিধান তৈরী করছে।

তিনি বলেন, মামলার সুষ্ঠু নিষ্পত্তির লক্ষ্যে পুলিশের তদন্ত কার্যক্রমকে শক্তিশালী করে পৃথক তদন্ত বিভাগ তৈরী করা হবে। পুলিশ বাহিনীর কর্মকর্তাদেরই এ বিভাগে নিয়োজিত করা হবে। বর্তমানে এই ব্যবস্থা নিয়ে দেশের ৩০টি থানায় পাইলট প্রকল্পের কাজ পরীক্ষামূলকভাবে চলছে। বর্তমানে দেশের ২৭০টি থানায় এ ব্যবস্থা চালু করা হবে।