পাবনায় জমজমাট মাদক ব্যবসা: ৫ হাজার যুবক মৃত্যুর প্রহর গুনছে
পাবনা শহরের সর্বত্র মাদকের সহজলভ্যতার কারণে ৪০ হাজারের অধিক যুবক মাদকাসক্ত হয়ে পড়েছে। এর মধ্যে প্রায় ৫ হাজার যুবক মৃত্যুর প্রহর গুনছে বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি সুত্র জানায়।
সুত্র আরও জানায়, ১৯৭৪-৭৫ সালের দিকে পাবনায় মাদক দ্রব্যের অনুপ্রবেশ ঘটতে শুরু করে এবং ১৯৮৪-৮৫ সালে তা ব্যাপকভাবে বিস্তার লাভ করে। পাবনা ও ঈশ্বরদীর চোরাচালানী ও মাদক সিন্ডিকেট দেশের মধ্যে সর্ব প্রথম পাবনা জেলাতেই হেরোইন আমদানী করে।
প্রথম দিকে শহরের কিছু শিক্ষিত পরিবারের যুবক তাতে আসক্ত হয়, পরে তা দ্রুত বাস, ট্রাক, রিকশা চালকসহ বিভিন্ন শ্রমিক এবং কলেজ-বিশ্ববিদ্যালয়ের যুবকদের মধ্যে ছড়ায়। হেরোইনে সয়লাব হয়ে যায় আশেপাশের এলাকাও। একই সাথে অন্যান্য নেশা যেমন গাঁজা, চরস, ফেন্সিডিল প্রভৃতি একই ভাবে বিস্তার লাভ করে। তবে হেরোইনের প্রাধান্যই বেশী। অনেকে একে অর্থ উপার্জনের ক্ষেত্র হিসাবে বেছে নেয়।
১৯৮৯ সালে পাবনা মানসিক হাসপাতালে ১০ শয্যা বিশিষ্ট মাদকাশক্তি নিরাময় কেন্দ্র খোলা হয় যা বর্তমানে ২০ শয্যায় উন্নীত হয়েছে। পাবনা জেলা কারাগারের ধারণ ক্ষমতার দ্বিগুন সংখ্যক কয়েদির একটা বিরাট অংশ মাদকাশক্ত বা মাদক ব্যবসায়ী। সুত্র মতে, জেলা কারাগারের ধারন ক্ষমতা সাড়ে পাচঁশ’ কিন্তু প্রতিদিন কয়েদির সংখ্যা দাঁড়ায় ১১ শ’-এ এবং এর মধ্যে ৪ শতাধিকই মাদক সংক্রান্ত মামলায় বন্দি।
এখনও মাদকাসক্তের সংখ্যা এবং মাদক ব্যবসা আশংকাজনক হারে বাড়ছে। ব্যবসায়ীরা ভারত থেকে চোরা পথে এই মাদক নিয়ে আসছে। প্রতিদিন বিপুল পরিমান ফেন্সিডিল ঈশ্বরদী ও পাবনা হয়ে বিভিন্ন স্থানে পাচার হচ্ছে। এদের সাথে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যোগসাজস রয়েছে বলে জানা যায়। অভিযোগ রয়েছে ব্যবসায়ীদের সাথে পুলিশের বনিবনা না হলেই মাদক উদ্ধার ও গ্রেফতার অভিযান চালানো হয়।
পাবনা শহরের পুরাতন বাস ষ্ট্যান্ড, আটুয়া, কাচারীপাড়া, সাধুপাড়া, কাশীপুর, মানসিক হাসপাতাল কলোনী, অনন্তবাজার, দোগাছী, মালিগাছা, ভাঁরারা, আতাইকুলা, গছপাড়াসহ বিভিন্ন জায়গার অনেক ঔষধের দোকানে ফেন্সিডিল বিক্রি হচ্ছে। এছাড়া শহরের অন্যান্য অঞ্চলের বিভিন্ন হাট-বাজারেও ফেন্সিডিল বিক্রি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। হেরোইন পাওয়া যাচ্ছে অলিতে-গলিতে এবং জেলার প্রত্যন্ত অঞ্চলে।
