২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ার কসবার টর্নেডো বিধ্বস্তরা অর্ধাহারে খোলা আকাশের নিচে বাস করছে

‘স্যার আমি ভাত খাই নাই, পানি খায়া বাইচা আছি। নাতি-নাতনির কান্নাকাটি আর সইতে পারছি না।’ কান্নায় ভেঙে পড়ে বলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মজলিশপুরের আবু ফয়েজ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2005, 09:20 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

আবু ফয়েজের মতো আবু শামা ও আরও অনেকেই গত দু’দিন ধরে অনাহারে অর্ধাহারে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। গত রোববার সকালে কয়েক মিনিটের টর্নেডোতে মজলিসপুর ও সংলগ্ন এলাকার প্রায় দেড় হাজার পরিবারের ছয় শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়।

টর্নেডোর পরপরই সাবেক নির্বাচিত সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা অ্যাড. শাহ আলম ও জেলা প্রশাসক মো. সাইদুর রহমান এবং পরদিন আখাউড়া-কসবার নির্বাচিত সংসদ সদস্য মুশফিকুর রহমান কিছু পরিবারকে যৎসামান্য নগদ অর্থ সহযোগিতা করেছেন। এছাড়া ক্ষতিগ্রস্তরা আর কিছুই পাননি।

এদিকে, কসবার টর্নেডো কবলিত কয়েকটি গ্রাম ঘুরে দেখা গেছে, সেখানে সহস্রাধিক মানুষ খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। অনাহারে-অর্ধাহারে চলছে তাদের দিন।

মজলিশপুরের কৃষক সিরাজুল ইসলাম জানান, তার দুটি ঘর ছিল। তিনটি ছেলেমেয়ে নিয়ে দুটি ঘরে থাকতেন। তার দুটি ঘরই উড়ে গেছে। চাপিয়া গ্রামের হাদিয়া বেগম (৭২) ও তার মেয়ে ঘরচাপা পড়ে আহত হয়ে ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে ছিলেন একই গ্রামের হাবিবুর রহমান (৫০) ও তার স্ত্রী সাফিয়া খাতুন (৪৫)। অর্থাভাবে তাদের চিকিৎসা চলছে না। হাসপাতাল থেকে গ্রামে ফিরে এসেছেন তারা।

এছাড়া, অনন্তপুর, ক্ষিদিরপুর, চন্দ্রপুর, আড়াইবাড়ি ও গুরুহিত গ্রামের কয়েকটি পাড়ায় একটি একই অবস্থা লক্ষ করা গেছে।

জেলা প্রশাসক জানান, শুধু কসবা নয় টর্নেডোতে ব্রাহ্মণবাড়িয়া সদরসহ জেলার বি¯তৃর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ও অর্থ সাহায্য চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ফ্যাক্স পাঠানো হয়েছে। ফ্যাক্স পাঠিয়েছে কসবা উপজেলা প্রশাসনও। তবে এ ব্যাপারে এখনও কোনও সরকারি পদক্ষেপের খবর পাওয়া যায়নি।