২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কমিয়ে বাপেক্সকে শক্তিশালী করার দাবি জানিয়েছে বিশেষজ্ঞরা

হাইড্রোকার্বন জাতীয় খনিজ সম্পদের ব্যাপারে দেশের স্বার্থ রক্ষায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এণ্ড প্রডাকশন কোম্পানি লিমিটেডকে (বাপেক্স) আরও শক্তিশালী করা প্রয়োজন বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2005, 07:20 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে তেল-গ্যাস সম্পদ রক্ষা কমিটি আয়োজিত ‘বাপেক্স শক্তিশালী করার প্রস্তাব’ শীর্ষক এক সেমিনারে তারা এ কথা বলেন।

তারা দেশের অভ্যন্তরে আটটি ব্লক বাপেক্সের কাছে লিজ দেওয়া এবং এর কার্যক্রমে মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কমানো সহ চার দফা দাবি উত্থাপন করেন। পেট্রোবাংলার অধীন ১১টি কোম্পানির একটি হলো বাপেক্স।

পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান এসকেএম আব্দুল্লাহ এবং পিডিবি’র সাবেক চেয়ারম্যান নুরুদ্দিন এম কামাল বলেন, নিজস্ব প্রশাসন চালাতে বাপেক্স’র কর্তৃত্ব এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকা উচিত। বাপেক্স’র কার্যক্রমে মন্ত্রণালয়ের হস্তক্ষেপ হ্রাসের পরামর্শ দিয়ে তারা বলেন, যদিও বাপেক্স অতীতের মতো বর্তমানেও অনুসন্ধান কাজ চালাতে সক্ষম তবুও কোম্পানিটি সবসময় অবহেলিত থেকেছে।

বাংলাদেশ ও বহুজাতিক কোম্পানিগুলোর মধ্যে উৎপাদন অংশীদারিত্ব চুক্তির উল্লেখ করে প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, দেশের প্রাপ্য অংশ নিশ্চিত করার লক্ষ্যে ওই চুক্তিগুলোর পর্যালোচনা করা উচিত।

শেখ শহিদুল্লাহ বাপেক্সকে শক্তিশালী করার প্রস্তাবগুলো ব্যাখ্যা করেন। এ ব্যাপারে তিনি চার দফা দাবি উত্থাপন করেন।

তিনি বলেন, দেশের অভ্যন্তরে ১,২,৩,৪,৬,৮,১১ ও ২৩ নম্বর ব্লকের অনুসন্ধানের কাজ শুধুমাত্র বাপেক্স’র করা উচিত। বর্তমানে বিভিন্ন বহুজাতিক কোম্পানির কাছে লিজ দেওয়া ২৩টি ব্লকের কোনটিতে কোন কোম্পানি সাফল্য অর্জনে ব্যর্থ হলে, সেই ব্লকটি বাপেক্সের কাছে তা হস্তান্তর করা উচিত হবে।

এছাড়াও তিনি বাপেক্সের জন্য ড্রিলিং রিগস’র মতো প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার দাবি জানান। অন্য দুটি দাবি হলো বাপেক্সের কারিগরি জনশক্তি বৃদ্ধি বাজেটে কোম্পানির জন্য পর্যাপ্ত বরাদ্দ দেওয়া।

ইঞ্জিনিয়ার শেখ শহিদুল্লাহর সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে সিপিবি সভাপতি মঞ্জুরুল আহসান খান এবং দলীয় নেতা রুহিন হোসেন প্রিন্স ও রফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।