২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রান্স-মায়ানমার পাইপলাইন: প্রকল্প বাস্তবায়নে একমাত্র আগ্রহী প্রতিষ্ঠান মোহনা

প্রায় ৯৭৪ মিলিয়ন মার্কিন ডলারের ট্রান্স মায়ানমার গ্যাস পাইপ লাইন প্রকল্প বাস্তবায়নের জন্য এখন পর্যন্ত একমাত্র আগ্রহী প্রতিষ্ঠান মোহনা হোল্ডিংস লিমিটেড নামে বাংলাদেশের একটি কোম্পানি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2005, 06:54 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

মোহনা’র মহাপরিচালক কেবি আহমেদ মঙ্গলবার ঢাকায় এক সাংবাদিক সম্মেলনে বলেন, আমরা প্রকল্পটির উদ্যোক্তা এবং এজন্য প্রয়োজনীয় প্রস্তাবনা জমা দিয়েছি। যেহেতু অন্য কোন কোম্পানি এ ব্যাপারে অগ্রসর হয়নি, কাজেই এক্ষেত্রে আমরা আর কোনও প্রতিযোগি দেখছি না।

তিনি দাবি করেন, মোহনা প্রথম ১৯৯৭ সালে মায়ানমার-বাংলাদেশ-ভারত গ্যাস পাইপলাইন প্রকল্পটির ধারণা নিয়ে আসে। মোহনার সে প্রস্তাবনার ওপর ভিত্তি করেই প্রকল্পটি দাঁড় করানো হয়। দেশে এবং বিদেশে গ্যাস পাইপলাইন স্থাপন কর্মকান্ডে মোহনার অভিজ্ঞতা রয়েছে।

কেবি আহমেদ জানান, ভারত ও মায়ানমার সরকার ক্রস বর্ডার জ্বালানি বাণিজ্যে তাদের প্রস্তাবনা অনুমোদন করার পর জানুয়ারি মাসে মায়ানমারের রাজধানী ইয়াংগুনে বাংলাদেশ ভারত ও মায়ানমারের জ্বালানি মন্ত্রীরা এক বৈঠকে মিলিত হন।

পরবর্তীতে একটি কারিগরি কমিটি মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিংয়ের (এমওইউ) একটি খসড়া প্রণয়ন করে।

কিন্তু বাংলাদেশ প্রকল্পটি বাস্তবায়নে কিছু শর্ত আরোপ করেছে।

আন্তর্জাতিক পাইপলাইন প্রকল্পে রাইট অব ওয়ে’র (আরওডব্লিউ) ওপর ঢাকার তিনটি শর্তের ব্যাপারে আহমেদ বলেন, এই শর্তগুলো সরকার পর্যায়ের বিষয় এবং বাংলাদেশ ও ভারত সরকার উভয়ই বিষয়টি নিয়ে সংলাপ চালিয়ে যাচ্ছে।

আরওডব্লিউ’র বিনিময়ে বাংলাদেশ নয়াদিল্লীর সাথে বাণিজ্যিক বৈষম্য কমিয়ে আনার দাবি জানিয়েছে। এছাড়া নেপাল ও ভুটানের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যিক কার্যক্রম ও দেশ দুটি থেকে বিদ্যুৎ আমদানির জন্য ভারতের কাছে করিডোর সুবিধা চেয়েছে।

কেবি আহমেদ জানান, প্রাথমিকভাবে পাইপলাইন নির্মাণ প্রকল্পে বাংলাদেশ অংশে প্রায় ৩৫০ থেকে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হবে। এছাড়াও বাংলাদেশ প্রতিবছর হুইলিং চার্জ বাবদ ১০০ মিলিয়ন ও সার্ভিস চার্জ বাবদ ২৪ মিলিয়ন মার্কিন ডলার পাবে।

এক প্রশ্নের জবাবে মোহনার মহাপরিচালক জানান, প্রকল্পটি বাস্তবায়নে সরকারি ও সেরকারি উদ্যোক্তা এবং বিভিন্ন ধরনের অর্থলগ্নিকারক প্রতিষ্ঠানগুলো সমন্বয়ে একটি আন্তর্জাতিক কনসোর্টিয়াম গঠনের ক্ষমতা তাদের রয়েছে।

তিন দেশের সিদ্ধান্ত অনুসারে এ কসসোর্টিয়াম বিল্ড ওন অপারেট (বিওও) প্রক্রিয়ায় কাজ করবে।

অবশ্য মোহনার সাথে সহযোগী হিসেবে কোন কোম্পানি কাজ করবে এ ব্যাপারে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।

বাংলাদেশের ওপর দিয়ে পাইপলাইন নির্মাণের ফলে মায়ানমারের রাখাইন উপকূল থেকে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁওয়ে গ্যাস লাইন সংযুক্তিতে খরচ অনেক কমে যাবে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

সাংবাদিক সম্মেলনে আরও বক্তব্য রাখেন মোহনার চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী মিজানুর রহমান শেলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পারভিন আহমেদ, রুহুল আলম চৌধুরী এবং শামসুল আলম।