কারচুপি করে নির্বাচনে জেতার জন্যেই একতরফাভাবে এ সিইসি নিয়োগ করা হয়েছে: শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার স্বৈরাচারী কায়দায় সম্পূর্ণ একতরফাভাবে প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত করে কারচুপির মাধ্যমে আগামী নির্বাচনে জেতার পথ সুগম করেছে। এ নিয়োগ প্রত্যাখান করে তিনি বলেন, তাকে (নব নিযুক্ত সিইসি) সহযোগিতা করার কী আছে?
মঙ্গলবার দুপুরে নগরীর পঙ্গু হাসপাতালে সন্ত্রাসী হামলায় আহত অবস্থায় চিকিৎসাধীন দলের দু’জন নেতাকে দেখতে গেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনা এ কথা বলেন।
আওয়ামী লীগ প্রধান বলেন, আগামী নির্বাচনে বিএনপি-জামাত জোটকে মানুষ ভোট দেবে না বলে তারা রাজনৈতিক দলগুলোর দাবি উপেক্ষা করে, কাউকে তোয়াক্কা না করেই সিইসি নিয়োগে দলীয়করণ করেছে।
তিনি বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্যে বিরোধী দলগুলো যখন আলোচনার মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে সিইসি নিয়োগের দাবি জানিয়ে আসছে, সরকার তখন ভোট কারচুপির লক্ষ্যে একতরফাভাবে এ নিয়োগ দিল।
আওয়ামী লীগ সরকার আমলে সিইসি নিয়োগের প্রসঙ্গ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সে সময় আলোচনার জন্যে আমরা তৎকালীন বিরোধী দলীয় নেত্রীকে দু’দুবার চিঠি দিয়েছিলাম। কিন্তু তখন কোনও সাড়া মেলেনি।
তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে হলে অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচন কমিশন সংস্কার করতে হবে।
আওয়ামী লীগ সভানেত্রী দেশের সার্বিক অবস্থার কথা তুলে ধরে বলেন, দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ হয়ে বিএনপি জামাত জোট যত জনবিচ্ছিন্ন হচ্ছে ততই বিরোধী দলের ওপর অত্যাচার নির্যাতনের মাত্রা বাড়াচ্ছে। সারা দেশে তারা আওয়ামী লীগের জনপ্রিয় নেতা কর্মীদের হত্যা করছে। বর্বরভাবে অত্যাচার নির্যাতন চালাচ্ছে।
বিভিন্ন স্থানে গ্রেনেড ও বোমা হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারের নির্দেশে এ সকল হামলা ও হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে বলে আসামীদের ধরা হচ্ছে না। সরকার শুধু খুনী সন্ত্রাসীদের মদদ দিয়ে যাচ্ছে।
লঞ্চ দুর্ঘটনা ও সাভারে ভবন ধ্বংসের কথা উল্লেখ করে বিরোধী দলীয় নেতা বলেন, একের পর এক দুর্ঘটনায় নিহত মানুষগুলোকে উদ্ধারেও সরকার কোনও ব্যবস্থা নিচ্ছে না। লাশটা পর্যন্ত পরিবারকে দেওয়া হচ্ছে না। সরকার শুধু ব্যবসা-ই করে যাচ্ছে।
দুপুর ১২ টায় শেখ হাসিনা পঙ্গু হাসপাতালে পৌঁছেই প্রথমে মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোহা. ওয়ায়েস আলীকে দেখতে যান। তার মা ও স্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন। আওয়ামী লীগ সভানেত্রী তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
পরিবারের এক সদস্য বিডিনিউজকে জানান, ওয়ায়েস আলী ১৮ মে সন্ধ্যায় মেহেরপুরে একটি দলীয় কর্মসূচি শেষে বিদ্যাধরপুরের বাসায় ফেরার সময় পথে দুষ্কৃতকারীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। তাকে লক্ষ্য করে ছোঁড়া বোমায় মারাত্মক আহত হন তিনি। ঢাকায় পঙ্গু হাসপাতালে ভর্তি করার পর তার বাম পা কেটে ফেলতে হয়েছে। ডান পাও কেটে ফেলতে হতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
শেখ হাসিনা পরে একই হাসপাতালে চিকিৎসাধীন রাউজানের ছাত্রলীগ নেতা ভূপেশ বড়ুয়াকে দেখতে যান ও তার চিকিৎসার খোঁজ খবর নেন।
সেখান থেকে বেরিয়ে আওয়ামী লীগ সভানেত্রী মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন শেখ হাসিনার আত্মীয় শেখ শহিদুল ইসলামের ভগ্নিপতি আমিনুজ্জামানকে দেখতে যান।
এ সময় আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ড. আব্দুর রাজ্জাক এমপি, ড. মির্জা আব্দুল জলিল, মোতাহার হোসেন মোল্লা, জাহাঙ্গীর সাত্তার টিংকু এবং আব্দুল মান্নানসহ মেহেরপুর জেলা নেতারা উপস্থিত ছিলেন।
