২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সংস্কার অবশ্যম্ভাবী, বলেছে নির্বাচন পর্যবেক্ষকগণ

দেশের নির্বাচন পর্যবেক্ষকগণ নির্বাচন কমিশনের (ইসি) সংস্কারের মাধ্যমে সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করার আহবান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2005, 06:50 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

বিডিনিউজের সাথে আলাপকালে পর্যবেক্ষকগণ বলেন, নির্বাচন কমিশনের যথাযথ সংস্কার, সকল রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও কমিশনার হিসেবে নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ দান, কমিশনের আর্থিক স্বাধীনতা নিশ্চিতকরণ এবং নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের কমিশন কর্তৃক নিয়োগ দেওয়ার মাধ্যমে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত করা যায়।

ফেয়ার ইলেকশন মনিটরিং এলায়েন্স’র (এফইএমএ) প্রেসিডেন্ট মুনিরা খান বলেন, নির্বাচন কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষ রাখার সবচেয়ে বড় উপায় হচ্ছে নির্বাচনী নিয়ম নীতির সঠিক সংশোধন। নির্বাচনী নিয়মনীতি সংশোধনের জন্য সরকারের উচিত অন্যান্য বিরোধী দলগুলোর সাথে এ ব্যাপারে আলাপ আলোচনার মাধ্যমে ঐকমত্যে আসা।

তিনি আরও বলেন, যদি নির্বাচন কমিশন অবাধ ও নিরপেক্ষ পরিবেশের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত করতে পারে তাহলে অর্ন্তবর্তীকালীন সরকারের আর প্রয়োজন পড়ে না। নির্বাচিত সরকারবিহীন অর্ন্তবর্তীকালীন সরকারকে তিনি ‘অগণতান্ত্রিক ধারার’ মনে করেন।

বর্তমান নির্বাচন পদ্ধতি নিয়ে বিডিনিউজ’র সাথে আলাপকালে, জাতীয় নির্বাচন পর্যবেক্ষন কাউন্সিলের (জানিপপ) চেয়ারম্যান অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচন কমিশন ও নির্বাচনী আইনে সংশোধন প্রয়োজন বলে তারা মনে করেন।

তবে উভয় নির্বাচন পর্যবেক্ষণ সংস্থার প্রধানই বলেছেন, নির্বাচন পদ্ধতিতে সংস্কার আনতে জাতীয় সংসদে দরকার হলে সংসদের বাইরে এ বিষয়ে আলোচনা হতে পারে, তবে কোন সংঘাত নয়।