২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহমদিয়াদের অমুসলিম ঘোষণার দাবি অসাংবিধানিক : ১১টি মানবাধিকার ও নারী সংগঠন

১১টি মানবাধিকার ও নারী সংগঠন বলেছে আহমদিয়াদের অমুসলিম ঘোষণার দাবি অসাংবিধানিক। সোমবার জাতীয় প্রেসক্লাবে ১১টি সংগঠনের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2005, 02:43 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

এতে বলা হয়, খতমে নবুওয়াত তো নয়ই, এমন কি সংবিধান অনুযায়ী দেশের সরকারও তাদের অমুসলিম ঘোষণা করতে পারে না। সাম্প্রদায়িক গোষ্ঠী তাদের স্বার্থেই আহমদিয়াদের ওপর অত্যাচার নির্যাতন করছে। তারা বাংলাদেশকে মৌলবাদী দেশে পরিণত করতে চায়। সরকার এ গোষ্ঠীকে প্রতিহত করতে ব্যর্থ হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টনারশীপ সেন্টারের (বিডিপিসি) পরিচালক শরীফ এ. কাফি।

উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের মাকসুদা আকতার, আইন ও শালিস কেন্দ্রের সুলতানা কামাল ও ড. ফসটিনা পেরেরা এবং জাতীয় আইনজীবী পরিষদের রুহুল কুদ্দুস বাবুল।

সংবাদ সম্মেলনে অংশ নেওয়া ১১টি সংগঠনের বাদবাকি সংগঠনগুলো হচ্ছে: অ্যাকশান এইড বাংলাদেশ, নারী পক্ষ, নিজেরা করি, মহিলা আইনজীবী সমিতি, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, দুর্বার নেটওয়ার্ক ও অধিকার।

সংবাদ সম্মেলনে বলা হয়, আহমদিয়াদের ওপর হামলার মাধ্যমে তারা বাক স্বাধীনতা ও ধর্মীয় স্বাধীনতা বিরোধী কাজ করছে। এটি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। তারা বাঙ্গালীদের একটি বন্ধ্যা জাতিতে পরিণত করতে চায়।

তারা আহমদিয়াদের অধিকার রক্ষায় স্থানীয়ভাবে জনমত গঠন ও সচেতনতা সৃষ্টির আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আহমদিয়াদের অধিকার রক্ষায় সরকারকে বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।