পুশ ইনের ২৪ ঘন্টার মধ্যে ১২ ভারতীয় নাগরিককে ভারতে পুশব্যাক
জেলার সাপাহার সীমান্ত পথে বিএসএফ কর্তৃক বাংলাভাষী ১২ ভারতীয় নারী. পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইনের ২৪ ঘন্টার ব্যবধানে বিডিআর রোববার ভোর ৪ টায় একইপথে তাদের পুনরায় পুশব্যাক করেছে।
নওগাঁর ২৮ রাইফেল ব্যাটালিয়ন সূত্রে এ খবরের সত্যতা স্বীকার করা হয়েছে।
পুশব্যাক করা ভারতীয় নাগরিকরা হলো- ভারতের পুরাতন দিল্লির বাসিন্দা বাংলাভাষী মহিদুল (৩০), ওমর ফারুক (২২), লোকমান (২০), ইব্রাহিম (২৮), নাহার (২৭), নার্গিস (১৮), বিউটি (১৮), হেনা (১৬), হেলাল (৭), হাসনাহেনা, জামাল (৭) ও মামুন (৮)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পুরাতন দিুিল্লর বিভিন্ন এলাকা থেকে পুলিশ গত ১৫ মে ১২ বাংলাভাষীকে গ্রেপ্তার করে এবং গত ১৯ মে তাদের বিএসএফ’র হাতে তুলে দেয়। ১৯ মে রাতে বিএসএফ সাপাহার উপজেলার কলমুডাঙ্গাঁ সীমান্ত পথে তাদের বাংলাদেশে পুশইন করলে বিডিআর তাদের আটক করে এবং রোববার ভোরে একই পথে তাদের ভারতে পুশব্যাক করে।
এ ঘটনার পর বিডিআর স্থানীয় লোকজনের সহায়তায় পুশইন ঠেকাতে নওগাঁ সীমান্তে পাহারা জোরদার করেছে।
