রূপসা সেতু উদ্বোধনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে আওয়ামী লীগ হরতাল দিয়েছে: মান্নান ভুঁইয়া
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মান্নান ভুঁইয়া বলেছেন প্রধানমন্ত্রীর রূপসা সেতু উদ্বোধনে প্রতিবন্ধকতা সৃস্টি করতে আওয়ামী লীগ হরতাল দিয়েছে।
শনিবার সচিবালয়স্থ অফিস কক্ষে সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি একথা বলেন।
তিনি বলেন, অতীতেও হরতাল হয়েছে। রাজনৈতিক দল গুলো শিক্ষার্থীদের এসএসসি, এইচএসসি পরীক্ষা এবং ধর্মীয় অনুষ্ঠানের দিকে খেয়াল রেখে হরতাল দিয়েছে। কোনো রাজনৈতিক দল পরীক্ষার সময় হরতাল দেয়নি।
তিনি বলেন, আওয়ামী লীগ হরতাল করে প্রমান করেছে যে, জনগনের প্রতি তাদের দরদ নেই।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ অ্যাডভোকেট খোরশেদ আলম বাচ্চু হত্যার বিচার চায় না। তারা এটাকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। হরতাল দিয়ে হত্যাকারীদের ধরা যাবে না এটা ভাববার কোনো কারন নেই।
তিনি বলেন, এসএএমএস কিবরিয়া, আহসানুল্লাহ মাস্টার, অ্যাডভোকেট বাচ্চু হত্যাকান্ড হওয়ার পরপরই আমরা এর তীব্র নিন্দা জানিয়েছি এবং পুলিশ সহ সকল গোয়েন্দা সংস্থাকে হত্যাকারীদের খুঁজে বের করতে নির্দেশ দেওয়া হয়েছে।
