দ্বিপক্ষীয় সহযোগিতার সকল ক্ষেত্রে জাপান বাংলাদেশকে সহযোগিতা দেবে: তানিগাওয়া
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, জাপানী সহযোগিতায় এ পর্যন্ত মোট ছয়টি সেতু নির্মাণ হয়েছে। এ সেতুগুলোর কারণে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা যেমন উন্নত হয়েছে তেমনি জাপান ও বাংলাদেশী মানুষের মধ্যেও সেতু বন্ধন হয়েছে।
জাপানের সিনিয়র ফরেন ভাইস মিনিস্টার সুজেন তানিগাওয়া শনিবার দুপুরে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাতকালে তিনি এ কথা বলেন।
জাপানি মন্ত্রী বাংলাদেশকে জাপানের দীর্ঘদিনের বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, দ্বিপক্ষীয় সহযোগিতার যে কোনও ক্ষেত্রে জাপান বাংলাদেশকে সহযোগিতা দেবে।
প্রধানমন্ত্রী যমুনা সেতুর মতো পদ্মা সেতু নির্মাণেও জাপানের সহযোগিতা কামনা করেন এবং দেশের টেক্সটাইল খাত ও আইসিটি সেক্টরে জাপানি বিনিয়োগ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
তানিগাওয়া বাংলাদেশের অব্যাহত উন্নতি কামনা করে বিশ্বশান্তি রক্ষা ও আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে দুই দেশ সহযোগিতামূলক ভাবে কাজ করবে বলে জানান।
সাক্ষাতকালে বাংলাদেশে নিযুক্ত জাপানী রাষ্ট্রদূত মাৎসুশিরো হরিগুচি উপস্থিত ছিলেন।
