রাজশাহীর ঝড়ে ক্ষতির পরিমাণ ৫০ কোটি টাকা, ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নীচে
রাজশাহীর ওপর দিয়ে বয়ে যাওয়া ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত শত শত পরিবার এখনও খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করছে। আহত অনেকেই চিকিৎসার অভাবে পঙ্গু হয়ে যেতে পারে। ঝড়ের কারণে ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় ৫০ কোটি টাকা।
রাজশাহীর ছয় উপজেলার ওপর দিয়ে ১৭ মে বয়ে যাওয়া কালবৈশাখীর তাণ্ডবে শতাধিক গ্রাম লন্ডভন্ড হয়ে যায়। সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী জেলার ছয়টি উপজেলায় মৃতের সংখ্যা ১০। আহত হয়েছে তিন শতাধিক মানুষ। আহতরা বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। অর্থের অভাবে তারা সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে।
জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর জানায়, ঝড়ে ২৮ হাজার ১১৮টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে উঠতি বোরো ধান, আম, লিচু ও বিভিন্ন ফসলসহ গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।
গতকাল শুক্রবার বাগমারা ও পুঠিয়ার কয়েকটি উপদ্রুত গ্রাম ঘুরে দেখা গেছে, এখনও শত শত পরিবার অর্ধাহারে-অনাহারে খোলা আকাশের নীচে বাস করছে। উপদ্রুত এলাকাগুলোতে কিছু ত্রাণ সামগ্রী পৌঁছালেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম।
ক্ষতিগ্রস্ত মন্তাজ আলি সালাম, রমেজান বিবি, সামসুলসহ আরও অনেকে বলেন, ঝড়ে তাদের সব কিছু হারিয়ে গেছে। তারা বলেন, মাত্র পাঁচ কেজি করে চাল দিয়েই দায়িত্ব শেষ করছে প্রশাসন। তবে ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে সরকার ও বিরোধীদলের স্থানীয় নেতৃবৃন্দ দলের পক্ষে কিছু পরিমাণ চাল, আটা, শাড়ি, লুঙ্গি ও নগদ টাকা বিতরণ করেছেন। এদিকে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আমজাদ হোসেন জানান, প্রাথমিক ভাবে ছয় উপজেলার জন্য ৮৬ মেট্রিক টন চাল ও খয়রাতি হিসেবে নগদ ৯৪ হাজার টাকা বিতরণের কাজ চলছে। সরকারের কাছে আরও ২০০ মেট্রিক টন চাল ও নগদ দুই লাখ টাকা এবং ৫০০ বান্ডিল ঢেউটিনের আবেদন করা হয়েছে।
