২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ: বিএনপি ও জামায়াতের জোর তৎপরতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরবর্তী ভিসি কে হচ্ছেন এই নিয়ে গত কয়েকদিন ধরে ক্যাম্পাসে বিএনপি ও জামায়াত পন্থী শিক্ষকদের মধ্যে চলছে বহুমুখী তৎপরতা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2005, 11:22 AM

Updated : 26 Apr 2022, 05:41 PM

নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে, সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের লক্ষ্যে সরকারের সর্বোচ্চ মহলে ৫ জনের একটি তালিকা পাঠানো হয়েছে। এরা হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক আমিনুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক কোরবান আলি ও আব্দুর রাজ্জাক, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আলতাফ হোসেন ও আব্দুস সালাম।

এদের মধ্যে আলতাফ হোসেন ছাড়া বাকীরা ক্যাম্পাসে জামায়াত রাজনীতির সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত রয়েছেন।

নতুন ভিসি নিয়োগের ব্যাপারে সরকারের উচ্চ মহলের চিন্তা-ভাবনার বিষয়টি জানা জানি হলে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল মহলে তোলপাড় সৃষ্টি হয়।

অপরদিকে গত ১৯ মে আব্দুস সালাম ভুইয়ার সভাপতিত্বে বাংলাদেশী জাতীয়বাদ ও ইসলামী মুল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের (সাদা দল) এক জরুরি সভা অনুষ্টিত হয়। সভায় শিক্ষকরা মেয়াদপুর্তি পর্যন্ত বর্তমান ভিসিকে বহাল রাখার জন্য প্রধানমন্ত্রী বরাবর আবেদন করার সিদ্ধান্ত নেন এবং এ মর্মে আবেদন পাঠানো হয়েছে।

সাদা দলের আহবায়ক সালাম ভুঁইয়া বলেন, বর্তমান ভিসি বিশ্ববিদ্যালয় ভাল চালাচ্ছেন সুতরাং মেয়াদ পুর্তির আগেই তাকে বিদায় করার কোনও যুক্তি নেই। তবে সরকার তাকে বিদায় করতে চাইলে সম্মানজনক ভাবেই তা করা উচিত। তিনি আরও বলেন, ভিসি প্যানেলের মাধ্যমে নতুন ভিসি নিয়োগ করা হলে তাদের কোনও আপত্তি থাকবে না।

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম বলেছেন বর্তমান ভিসিকেই বহাল রাখা উচিত।

সুত্র জানায়, জামাতপন্থীরা সরকারের উপর মহলে তদবির চালাচ্ছে। গত ১৩ মে জামায়াতের আমীর ও শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী রাজশাহী আসলে বিশ্ববিদ্যালয়ের জামায়াতপন্থী শিক্ষকদের একটি দল তার সাথে সার্কিট হাউসে সাক্ষাৎ করে তাকে জামায়াত পন্থীদের ভিসি হওয়ার উজ্জল সম্ভাবনার কথা জানান।

রাজশাহীর মেয়র মিজানুর রহমান মিনু এ প্রসঙ্গে বলেন, বর্তমান ভিসির মেয়াদ শেষ হতে আরও কিছু দিন বাকী আছে। ক্যাম্পাসের স্থিতিশীলতার জন্য তাকে মেয়াদপুর্তি পর্যন্ত কাজ করতে দেয়া উচিত।

সাবেক ভিসি ডঃ সাইদুর রহমান খান বলেন, নিয়মতান্ত্রিকভাবেই ভিসি নিয়োগ হওয়া উচিত। তিনি বলেন, ৭৩-এর এ্যাক্ট অনুযায়ী প্যানেল তৈরি করে সিনেটের মাধ্যমে ভিসি নিয়োগ করা হলে স্বায়ত্বশাষিত প্রতিষ্ঠান হিসাবে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা রক্ষা হয়।

এ বিষয়ে বর্তমান উপাচার্য ডঃ ফাইসুল ইসলাম ফারুকী বলেন, ভিসি নিয়োগ নিয়ে বিভিন্ন মহলের কথা-বার্তা আমি শুনেছি, কিন্তু এখন পর্যন্ত দাপ্তরিক ভাবে কোনও কিছু জানি না।